১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ম্যাচের আগে হাতে পিস্তল তুলে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি

কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচের আগে হাতে পিস্তল তুলে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ কলকাতা দেখল এক অন্য ধোনিকে৷ বৃহস্পতিবার ক্রিকেটের নন্দনকাননে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে খেলতে নামছে ভারত৷

বুধবারও বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় বিরাটদের প্র্যাকটিসে৷ মাঠে নামতেই পারলেন না টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা৷ ড্রেসিরুমের সামনে লনেই ভলিবল খেললেন বিরাটরা৷ ধোনি ছুটলেন শুটিং রেঞ্জে৷ কলকাতা পুলিশের শুটিং রেঞ্জে শুটিং দক্ষতার পরিচয় দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক৷

শুটিং রেঞ্জে ধোনির শুটিং দক্ষতার ভিডিও তাদের ফেসবুক পেজে পোস্ট করল কলকাতা পুলিশ৷ এতদিন ব্যাট হাতে বোলারদের বিষাক্ত ডেলিভারিকেও মাঠের বাইরে পাঠাতে দেখেছে তাঁর ফ্যানেরা৷ উইকেটের পিছনে গ্লাভস হাতে তাঁর কোরমতি দেখেছে ক্রিকেটবিশ্ব৷ এবার বন্দুক হাতেও কেরামতি দেখালেন রাঁচির রাজপুত্র৷

ধোনির শুটিং দক্ষতায় অভিভূত কলকাতা পুলিশ তাদের ফেসবুক পেজে ভিডিও পোস্ট করার পাশাপাশি লিখেছে, ‘এমএস ধোনির শুটিং ভিডিও পোস্ট করার জন্য আমাদের ইনবক্সে প্রচুর অনুরোধ এসেছে৷ তার পরই ভিডিওটি পোস্ট করা হয়৷ এদিন দুপুরে কলকাতা পুলিশের ট্রেনিং স্কুলের শুটিং রেঞ্জে তার শুটিং দক্ষতার পরিচয় দিয়েছে ধোনি৷’

কলকাতা পুলিশের এক আধিকারিক জানান, ‘এ নিয়ে দ্বিতীয়বার কলকাতা পুলিশের সঙ্গে ধোনির পরিচয় হল৷ ধোনি হল একজন অসাধারণ মার্কসম্যান৷ আমাদের অনেকেরই অনুপ্রেরণা৷ এদিন পিটিএস-এ ১০ ও ২৫ মিটার রেঞ্জে শুটিং প্র্যাকটিস করেছে ধোনি৷’এর আগে ২০১০-এ লালবাজারে কলকাতা পুলিশের পুরাতন মোটরবাইক দেখতে গিয়েছিলেন দেশের বিশ্বকাপ জয়ী অধিনায়ক৷

বুধবারই ধোনিকে দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্ম ভূষণ-এর জন্য মনোনিত করেছে বিসিসিআই৷ দেশের হয়ে বাইশ গজে তাঁর অবদানের কথা মাথায় রেখে প্রাক্তন অধিনায়ককে এই সম্মান দেওয়ার কথা ভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ দেশের একমাত্র অধিনায়ক যাঁর হাতে উঠেছে দু-দু’টি বিশ্বকাপ৷ ২০০৭-এ টি-২০ বিশ্বকাপ জেতার পর ঘরের মাঠে ২০১১-তে ৫০ ওভারেও দেশকে বিশ্বকাপ এনে দেন ধোনি৷

১৯৮৩ কপিল দেবের ২৮ বছর পর ধোনির হাত ধরে দ্বিতীয়বার ওয়ান ডে বিশ্বকাপ জেতে ভারত৷ এছাড়াও ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে টিম ইন্ডিয়া৷ দেশের হয়ে প্রায় ১৬ হাজার রান রয়েছে ধোনির ঝুলিতে৷ এর মধ্যে রয়েছে ১৬টি শতরান৷ দেশের হয়ে ৩০২টি ওয়ান ডে এবং ৯০টি টেস্ট খেলেছেন মাহি৷ বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ১০০টি স্টাম্প করার কৃতিত্বও ধোনির দখলে৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ