চট্টগ্রামে তেলের ড্রামের মধ্যে যুবকের লাশ রেখে ঢালাই করে দেয়া হয় সিমেন্ট বালি ও কংক্রিট দিয়ে। তার পর সেই ড্রাম ফেলে দেয়া হয় এনায়েত বাজার এলাকার রানির দিঘিতে।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালী থানা পুলিশ রানীর দীঘি থেকে ড্রামটি উদ্ধার করে। ড্রামের ভেতরে থাকা লাশ সিমেন্টের ঢালাই কেটে বের করা হয়।
হতভাগ্য ওই যুবকের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। লাশের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ কর্মকর্তারা বলছেন, পরিকল্পিতভাবে হত্যা করে তেলের ভেতরে ঢুকিয়ে ইট সিমেন্ট দিয়ে ঢালাই করে দেয়া হয়েছে। যাতে দীঘি থেকে লাশ সহজে ভেসে উঠতে না পারে।
অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল ও লাশের আলামত সংগ্রহ করেছে।
পুলিশের ধারণা, অজ্ঞাত যুবককে অন্তত একমাস আগে হত্যা করে লাশ গুম করে দীঘিতে ডুবিয়ে দেয়া হয়েছে। লাশের ডিএনএ পরীক্ষা করা হবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশ জানায়, বিকেলে এনায়েত বাজার এলাকার রানীর দীঘিতে একটি বড় ড্রাম ভাসতে দেখে স্থানীয় লোকজন। একইসঙ্গে ড্রাম থেকে লাশের দুর্গন্ধ বের হতে থাকে। পরে এলাকাবাসী কোতোয়ালী থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ এসে দেখে ড্রামটি অনেক ভারী। দীঘির পাড়ে তুলতে ব্যর্থ হওয়ার পর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দীঘি থেকে ড্রামটি উদ্ধার করে।
ড্রামের ভেতরে সিমেন্ট দিয়ে ঢালাই করা দেখে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ সদস্যরা ড্রাম কেটে ও ঢালাই ভাঙ্গার পর দেখতে পায় সেখানে আস্ত মানুষের লাশ। লাশটি সম্পূর্ণরূপে বিকৃত হয়ে গেছে।
সিআইডির পরিদর্শক বিপুল বড়ুয়া যুগান্তরকে বলেন, ‘আলামত হিসেবে লাশের মাংস, দাঁত ও চুল সংগ্রহ করেছি। এসব পরীক্ষা-নীরিক্ষা করা হবে। প্রায় একমাস আগে হত্যা করা হয়েছে এই যুবককে।’
সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাইন হোসাইন জানান, এলাকার বাইরে হত্যাকাণ্ড ঘটিয়ে হয়তো এখানে লাশ এনে ফেলা হয়েছে গুম করার উদ্দেশে। এ ঘটনায় মামলা হবে। তদন্তের পর হয়তো আসল রহস্য বের হবে।






















