প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, সৌদি আরব অদক্ষ শ্রমিকের পরিবর্তে বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনবল নেয়ার ক্ষেত্রে বেশি আগ্রহী। সোমবার সংসদে বিএনএফ’র সদস্য এস এম আবুল কালাম আজাদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরবের সাথে সম্পাদিত সমঝোতা স্মারকের আওতায় প্রশিক্ষিত নারী কর্মী পাঠানো হচ্ছে। নারী কর্মীদের পাশাপাশি তার নিকট আত্মীয় পুরুষ সদস্যদের সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরবে পাঠানো শুরু হয়েছে।
তিনি বলেন, ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের মে পর্যন্ত সৌদি আরবে পাঠানো কর্মীর সংখ্যা এক লাখ আট হাজার ৩৮৩ জন। সৌদি আরবে প্রশিক্ষিত কর্মী পাঠানোর জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরে নবদিগন্তের সূচনা হয়েছে। আশা করা যায়, শিগগিরই সৌদি আরবে অধিকহারে দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে।
সরকারি দলের সদস্য মনোয়ারা বেগমের এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বিএসসি বলেন, বর্তমান সরকারের কূটনৈতিক প্রচেষ্টার ফলে বাংলাদেশী কর্মী গমনকারী মোট দেশের সংখ্যা ১৬১টিতে উন্নীত করা সম্ভব হয়েছে।
মন্ত্রী বলেন, বিদেশে শ্রম বাজার সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান সরকার নতুন শ্রম বাজার সৃষ্টি, গবেষণার মাধ্যমে নতুন শ্রমবাজার অনুসন্ধানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৪৯৮























