বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড নির্বাচনে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বর্তমানে ওই কমিটির সদস্য সংখ্যা তিনজন। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়ার্কিং কমিটির বৈঠকে এসব প্রস্তাব উত্থাপন করা হয়। বৈঠকে সাত সদস্য বিশিষ্ট বোলিং অ্যাকশন রিভিউ কমিটি গঠনের প্রস্তাবও উত্থাপন করা হয়।ওই কমিটিতে সাবেক জাতীয় ক্রিকেটার, কোচ, পারফরম্যান্স এনালিস্ট, ফিজিও এবং বিসিবির যে কোনও দুটি কমিটির চেয়ারম্যানকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।
এক সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে জানান, তিন সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটিতে সদস্য সংখ্যা বাড়িয়ে সাতে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচক প্যানেলে থাকবেন টিমের ম্যানেজার ও কোচ। প্রস্তাবনায় বলা হয়েছে, নির্বাচক কমিটির প্রধান হবেন ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান।
























