বজ্রপাতে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতের পরিবারকে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়ার চিন্তা করছে সরকার।
দেশে বজ্রপাতে হতাহতের সংখ্যা ক্রমাগত বৃদ্ধির প্রেক্ষাপটে এ মানবিক সহায়তা দেয়া হতে পারে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানা গেছে।
গত বৃহস্পতি ও শুক্রবার বজ্রপাতে সারাদেশে অর্ধশতাধিক মানুষ মারা গেছেন। বিষয়টি সরকারের নীতি-নির্ধারকদেরও ভাবিয়ে তুলছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ত্রাণ) মো. জাকির হোসেন আকন্দ শনিবার গণমাধ্যমকে বলেন, ‘বজ্রপাতে হতাহতের সংখ্যা অনেক বেড়ে গেছে। এ জন্য আমরা বজ্রপাতকে দুর্যোগের তালিকায় অন্তর্ভুক্ত করে হতাহতদের মানবিক সহায়তার দিতে একটি নীতিমালা করার উদ্যোগ নিয়েছি। কিন্তু বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু নীতিমালা চূড়ান্ত না হলেও বজ্রপাতে হতাহতদের সহায়তার বিষয়টি থেমে থাকবে না।’
তিনি বলেন, ‘বজ্রপাতে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে আমরা দেব। এ জন্য জেলা প্রশাসকদের বলা হয়েছে। তারা কাজ করছেন।’
























