১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে গরু নিয়ে আরো একটি বিতর্কিত পদক্ষেপ

হিন্দুত্ববাদী এজেন্ডা সামনের দিকে এগিয়ে নিতে প্রথমবারের মতো গরুবিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিল ভারতের রাজস্থান রাজ্য। এবার সেই রাজ্যেই গরু নিয়ে আরো একটি বিতর্কিত পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজ্যটির স্কুল পর্যায়ের বইগুলো সংশোধন করে নতুন একটি অধ্যায় সংযোজন করা হয়েছে। যেখানে একটি গরু মা হিসেবে স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশে চিঠি লিখেছে।

টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, পঞ্চম শ্রেণির হিন্দি ভাষার পাঠ্যবইয়ের হিন্দু দেব-দেবীর পরিচিতি অধ্যায়ে বড় করে গরুর ছবি যুক্ত করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, গরুকে মায়ের মতো সম্মান করলে মানুষের কত উপকার হতে পারে।

শিক্ষার্থীদের ‘আমার পুত্র ও কন্যারা’ বলে সম্বোধন করে গরুর পক্ষ থেকে লেখা চিঠিতে বলা হয়েছে, ‘আমি তোমাদের প্রত্যেককে দীর্ঘ জীবন, বুদ্ধিমত্তা, সুস্বাস্থ্য, আনন্দ এবং সমৃদ্ধি দিতে পারি। যারা আমার গুরুত্ব অনুধাবন করে আমাকে নিজের মায়ের মতো বিবেচনা করবে, আমিও তাদের সন্তানের মতো ভালোবাসব।’

এরপর চিঠিতে মানবসমাজের জন্য গরুর অবদানের কথা তুলে ধরা হয়েছে। গরুটি লিখেছে, ‘দুধ, মাখন এবং ঘি উৎপাদনের মাধ্যমে আমি মহৌষধের ব্যবস্থা করি। আমার মূত্র এবং বর্জ্য থেকে ওষুধ, কীটনাশক আর সার তৈরি হয়। আমার সন্তান বলদ জমি চাষে তোমাদের সহায়তা করে। এ ছাড়া শ্বাস-প্রশ্বাসের সঙ্গে আমি পরিবেশ বিশুদ্ধ করি।’

পাঠ্যবইয়ে সংযোজিত এই অধ্যায়টির দারুণ প্রশংসা করেছেন গো-পালন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওতারাম দিওয়াসি। তিনি টিওআইবলেন, ‘গরুর উপকারিতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির বিষয়ে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।’

তবে এই অধ্যায় শুধু শিক্ষার্থীদের জানা বা পড়ার জন্য যুক্ত করা হয়েছে। এখান থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন করা হবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ