ইউছুপ পাটোয়ারি, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী নাজির হোসেন -এর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাঁধা, কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী মো: আফজাল মিয়া। তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য সেনা মোতায়েনের দাবী জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: আফজাল মিয়া। এসময় বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রার্থীর কর্মী অর্জুন ত্রিপুরা, নায়েব আলী, জয়নাল আবেদীন প্রমুখ। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজির হোসেন একের পর এক আচরণবিধি লঙ্ঘন করার পাশাপাশি নির্বাচনী বৈতরনী পার হতে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আবু তাহেরকে পানছড়ি বাজার থেকে তুলে নিয়ে জোরপূর্বক মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করেছেন। প্রতিদিন ৫০-৬০ জন ক্যাডার নিয়ে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নির্বাচনী এলাকায় ভোটারদের হুমকী ্ও ত্রাস সৃষ্টি করেছেন। মাইকিং করতে এবং পোষ্টার লাগাতে বাঁধা দিচ্ছে।
তিনি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বলেন, রবিবার পানছড়ি বাজার এলাকায় নাজির হোসেনের ক্যাডার রাশেদুল ইসলাম ও জালাল উদ্দিনের নেতৃত্বে ১০-১২ জন যুবক মোঃ হোসেন নামে তার এক কর্মীকে বেধড়ক মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পুলিশের কাছে জমা দিয়েছেন। পানছড়ি থানা পুলিশ হামলার ঘটনায় কোন ব্যবস্থা না নিয়ে উল্টো মোটর সাইকেলটি থানায় জব্দ করে রেখেছে। তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সেনা মোতায়েনের দাবী জানান।
























