ইউছুপ পাটোয়ারি, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় হোসনে আরা বেগম (২৫) ও ১বচরের শিশু সন্তান জাহেদুল ইসলাম নামের মা ও ছেলে একই রশিতে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের রমিজ কেরানি পাড়ায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে নিজের ঘরের আড়ার সাথে রশি দিয়ে প্রথমে এক বছরের শিশু সন্তানকে ও পরে একই রশিতে ফাঁশি দিয়ে হোসনে আরা বেগম আত্মহত্যা করে। হঠাৎ ঘরের ভিতর থেকে চিৎকারের শব্দ শুনে তার জা (দেবরের বউ) রাবেয়া আক্তার ঘরের দিকে ছুটে গিয়ে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশিদের খবর দিলে তারা এসে দরজা ভেঙ্গে একই রশিতে মা ও ছেলের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে রশিতে ঝুলানো মা ও ছেলের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর থেকেই নিহতের স্বামী মো. ইয়াছিনসহ তার বাবা ও ভাই পলাতক রয়েছেন। জানা গেছে, ৬ বছর আগে ইয়াছিনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় বেলছড়ি ইউনিয়নের হোসনেয়ারা বেগমের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল বলে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে। এ নিয়ে একাধিক বার গ্রাম্য সালিশও হয়েছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. সাহাদাত হেসেন টিটো জানান, আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে নিহতের মা ছানোয়ারা বেগম বাদি হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
























