চট্টগ্রাম: মাহবুব আলী খান ড্যানিকে (২৮) গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ । চাঞ্চল্যকর হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলার আসামি সে।মঙ্গলবার সকালে নগরীর পাঁচলাইশ থানার খাজা মঞ্জিলে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।ড্যানি পাঁচলাইশ থানার খাজা মঞ্জিলের বাসিন্দা আহাম্মদ আলী খানের ছেলে।
নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, সকালে নিজ বাসা থেকে ড্যানিকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ। তাকে আদালতে পাঠানো হয়েছে।
২০১২ সালের ২৭ এপ্
রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ফরহাদ ম্যানশন নামের ১০১ নম্বর বাড়ির চারতলায় হিমুকে হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে নিমর্মভাবে নির্যাতন করে সেখান থেকে ফেলে দেয় অভিজাত পরিবারের কয়েকজন বখাটে যুবক।
গুরুতর আহত হিমু ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান। হিমু পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ইংরেজি মাধ্যমের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের ‘এ’ লেভেলের শিক্ষার্থী ছিলেন। এছাড়া মাদকবিরোধী সংগঠন শিকড়’র সঙ্গে জড়িত ছিলেন হিমু।মামলায় অভিযুক্ত পাঁচ আসামি হলেন, জুনায়েদ আহমেদ রিয়াদ ও তার বাবা শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ,মাহবুব আলী ড্যানি এবং জাহিদুর রহমান শাওন।
হত্যা মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ১৮ মার্চ সময় নির্ধারণ করেছেন আদালত। রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ এ সময় নির্ধারণ করেন।





















