ICC যেন নিজস্ব সম্পত্তি হয়ে ব্যবহার হয়েছিল তিন মোড়াল খ্যাত ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। সব সিদ্ধান্তে তাদের প্রভাব ছিল চোখে পড়ার মত। অনেকবার অনেক অভিযোগের আঙ্গুল উঠলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) ‘তিন মোড়ল’ খ্যাত ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের এতটাই আধিপত্য ছিল, অন্য দেশগুলো একেবারেই অসহায় ছিল তাদের সামনে। সেই আধিপত্যের জোরে অনেক সিদ্ধান্তই তারা নিজেরাই নিয়ে নিত। আশার কথা, এবার তাদের সেই অধিপত্য খর্ব হতে যাচ্ছে।[ad id=”28167″]
এই তিন মোড়লের আধিপত্য খর্ব করতে আইসিসির গঠনতন্ত্র ও প্রশাসনিক ক্ষমতায় ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। বুধবার দুবাইতে আইসিসির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৪ সালে আইসিসির সাবেক চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসনের নেতৃত্বাধীন কমিটি আইসিসির গঠনতন্ত্রে ব্যাপক পরিবর্তন আনে। যেখানে তিন মোড়লের আধিপত্য বিস্তারের ব্যাপক সুযোগ ছিল।
নতুন সংশোধনীতে বলা হয়েছে, আইসিসির নির্বাচন হবে স্বতন্ত্র অডিট কমিটির চেয়ারম্যানের অধীনে। গোপন ব্যালটের মাধ্যমে এই পদে নির্বাচন হবে। চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি কোনো দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারবেন না। মেয়াদ থাকবে দুই বছর। তিনবারের বেশি এই পদে থাকতে পারবেন না তিনি।
আইসিসির নির্বাহী কমিটি এবং অর্থ ও বাণিজ্য কমিটিতে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার স্থায়ী সদস্য পদ রয়েছে। নতুন সংশোধনী হলে এই তিন ক্রিকেট শক্তির স্থায়ী পদও বিলুপ্ত হয়ে যাবে।
আইসিসির বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গঠনতন্ত্রের এই সংশোধনী কার্যক্রম পরিচালনা করবে।























