ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লা, কামারুজ্জামান,আলী আহসান মুজাহিদ,সালাউদ্দিন কাদের চৌধুরী রায় ঘোষণা ও কার্যকর করেছে।
সেই সুত্রে সম্প্রতি বাংলাদেশে যুদ্ধাপরাধীর বিচার সবচেয়ে আলোচিত বিষয়। বাংলাদেশের নাগরিক হতে অযোগ্য হবেন তারা যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী, সহায়তাকারী এমনকি তাদের সন্তানেরাও। এই রকম বিধান রেখে বাংলাদেশ নাগরিকত্ব আইন-২০১৬ এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। আজ সোমবার নিয়মিত বৈঠকের কার্যসূচিতে খসড়াটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য রয়েছে বলে জানা যায়। বাংলাদেশের নাগরিক বলে বিবেচনা করা হয়েছে তাদের যারা ১৯৭১ সালের ২৫শে মার্চ থেকে আলোচ্য আইন কার্যকর হওয়ার আগ পর্যন্ত সময়ে এখানে জন্মগ্রহণ করেছে।
আইনের খসড়ায় বলা আছে, কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের প্রতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আনুগত্য প্রকাশ করলে, বিদেশি রাষ্ট্রের কোনো বাহিনীতে যোগদান করে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করলে বা অন্য কোনোভাবে উক্ত বাহিনীকে সহায়তা করলে তিনি বাংলাদেশের নাগরিক থাকতে বা হতে পারবেন না। এছাড়া কেউ বিদেশি কোনো সামরিক বা আধাসামরিক বাহিনী বা অন্য কোনো বিশেষ বাহিনীতে যোগ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করলে বা বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার ও দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হলে তাদের সন্তানেরাও বাংলাদেশের নাগরিক হওয়ার অযোগ্য হবেন।





















