আজ সোমবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন অমর একুশে গ্রন্থমেলার।এবার গতবারের তুলনায় দ্বিগুণ করা হয়েছে মেলা প্রাঙ্গন।
কয়েক বছর ধরেই বইমেলার ব্যাপ্তি বাড়ানো হচ্ছে, একাডেমি থেকে মেলাকে নিয়ে যাওয়া হয়েছে সোহরাওয়ার্দি উদ্যানে।বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন “প্রকাশকের সংখ্যা বেড়ে গেছে, প্রত্যেকের প্রত্যাশা যে মেলায় বড় স্টল পাবে।তাছাড়া গত বছর মেলায় ৩৫২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল।এবার প্রায় ৪৫০ প্রতিষ্ঠান প্রকাশক অংশগ্রহণ করছে।এ মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে বইপ্রেমীরা আসে। এমনকি প্রবাসীরাও আসেন একুশে বইমেলায় অংশ নিতে। সে কারণে মেলার পরিধি বাড়াতে হয়েছে”।
গতবছর প্রায় চার হাজারের মতো বই প্রকাশিত হয়েছিল। এবারেও এ পরিমাণ বা তার চেয়ে বেশি বই প্রকাশিত হবে বলে জানালেন শামসুজ্জামান। তবে বইয়ের মান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এত সংখ্যক বইয়ের মধ্যে মাত্র একশো থেকে দেড়শো বই মানসম্মত হয়।
আর মান নিশ্চিতের বিষয়টি পাঠকদের ওপর ছেড়ে দিয়ে তিনি বলেন, ‘একটা সমস্যার কথা শোনা যায়। বাইরে যারা থাকেন তারা কোন কোন প্রকাশকদের টাকা দিয়ে থাকেন, তারপর তাদের লেখা একটা বই ছাপিয়ে দেয়া হয়। অনেক ক্ষেত্রে বিদেশেও নতুন লেখকদের বই টাকা নিয়েই ছাপা হয়। কিন্তু সেখানে মান যাচাইয়ের ব্যবস্থা আছে, প্রকাশকদের সম্পাদনা রিষদ আছে, ভাষা সম্পাদন করা হয় পরিমার্জন করা হয়- এগুলো বাংলাদেশে নেই বলে মান যাচাই করা সম্ভব হচ্ছেনা”।
শামসুজ্জামান খান বলেন, প্রকাশকরা যেন বই প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকে।
যে কোন বই বা সাহিত্য মুক্ত চিন্তার অংশ, সেটাতে সতর্ক থাকার প্রসঙ্গ আসলে কতটা যৌক্তিক এমন প্রশ্নে তিনি বলেন, “একটা অশ্লীল বিষয় খোলামেলাভাবে বলাটা ভালো দেখায় না, ওই লেখাটা যেন শিল্পিত ভাষায় হয় সেদিকটা যেন নজরে থাকে। পাশাপাশি স্পর্শকাতর বা উস্কানিমূলক কোন লেখা বা গালাগালি যেন না থাকে। যেটি বাংলাদেশের রাজনীতির কারণে সাহিত্যেও চলে এসেছে, সেদিকটার কথা মাথায় রেখে সতর্ক থাকার কথা বলেছি।”
গতবছর মেলা প্রাঙ্গণে ব্লগারকে কুপিয়ে হত্যার প্রেক্ষাপটে এবার মেলাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





















