ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় দুজন নিহত হয়েছেন। রোববার বেলা ১২ টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের চারজনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবদুস সালাম (৬৫) ও লাল মিয়া (৫৫)।  গ্রেফতারকৃতরা হলেন সুরুজ মিয়া (৬৭), সুজিত মিয়া (২৫), মো. শাহআলম (৪০) ও মো. রহমত উল্লাহ (৬৭)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবদুস সালাম এবং সিদ্দিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ১৫-২০ দিন আগে সিদ্দিক মিয়ার বাড়িতে একটি বিয়ে অনুষ্ঠান হয়। সেখানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে আব্দুস সালাম মিয়ার পক্ষের লোকজন বাধা দেয় এবং এক পর্যায়ে তার পক্ষের একজনকে মারধর করে। এ ঘটনায় সিদ্দিক মিয়া বাদী হয়ে আব্দুস সালামসহ ১৭ জনকে আসামি করে থানায় মামলা দেয়। কিন্তু রোববার সকালে সালাম মিয়াকে সামনে পেয়ে সিদ্দিক মিয়ার লোকজন কুপিয়ে আহত করে। পরে হোমনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে সিদ্দিক মিয়ার লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এসময় হামলায় লাল মিয়া নিহত হন।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশুকুমার দেব জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠাচ্ছি। এ ঘটনায় ইতোমধ্যে উভয় পক্ষের চারজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা অপরাধীদের ধরতে আবারো অভিযানে নামবো।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ