ঠাকুরগাঁওয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসকের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের চেয়ার ছোড়াছুড়ি ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মিটিং শুরু হওয়ার আগে সদস্যদের আসন বন্টন করে চেয়ারের সামনে নেমপ্লেট বসান অতিরিক্ত জেলা প্রশাসক ফজলে রাব্বী। এ সময় অনেক সদস্য সভায় উপস্থিত হয়ে আসনে বসে পড়েন। নেমপ্লেট লাগানোর পর অনেক সদস্যকে চেয়ার ছেড়ে চলে যেতে হয় পেছনের লাইনে। সভাস্থলের প্রথম লাইনে জায়গা রাখা হয়নি কোন আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা কমান্ডার, পিপি বা প্রেসক্লাব সভাপতিসহ অনেক সিনিয়র সদস্যের। এ নিয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, আড. তোজাম্মেল হক মঞ্জু, আয়েসা সিদ্দিকা তুলি ও পিপি অ্যাড. শেখর কুমার রায় ক্ষিপ্ত হয়ে ওঠেন।
তারা বলেন, এটা কমিটির সভা। এখানে সকল সদস্যের মর্যাদা, অধিকার ও দায়িত্ব সমান। আসন বন্টন করে সদস্যদের মর্যাদায় আঘাত করা হয়েছে। এ নিয়ে ব্যাপক হট্টগোল শুরু হলে সভাস্থলে আসেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিষয়টি সম্পর্কে তার কাছে জানতে চাইলে জেলা প্রশাসক ক্ষিপ্ত হয়ে বলেন আপনারা কোন প্রোটোকলে পড়েন না তাই আপনাদের পেছনে বসতে হবে। সঙ্গে সঙ্গে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। ঘটনাটি হাতাহাতির পর্যায়ে যাওয়ার উপক্রম হলে প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক নেমপ্লেট তুলে নেয়ার জন্য ডিসিকে পরামর্শ দেন। জেলা প্রশাসক দ্রুত নেমপ্লেট তুলে নিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকে। তখন সকল উপজেলা নির্বাহী কর্মকর্তারা পেছনের লাইনে চলে যান। উপস্থিত অন্য সদস্যরা কেউই এই অনাকাঙ্খিত ঘটনার পক্ষে কথা বলেননি। সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম বলেন, আমরা সবাই সদস্য আমাদের মধ্যে ভেদাভেদ করা ঠিক হবেনা।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন বলেন, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস কাউকে সম্মান দিতে জানেন না। সবার সম্মান নষ্ট করতে কাজে করেন। সরকারকে তিনি নানাভাবে প্রশ্নবিদ্ধ করছেন। তার আমলে এখানে আইন শৃঙ্খলা পরিস্থির সবচেয়ে অবনতি হয়েছে। এখানে প্রিজাইডিং অফিসার মারা গেছেন, একটি ছোট ঘটনায় ৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে, শ্রমিকরা দুদিন ঠাকুরগাওয়ের সবকিছু অচল করে দিয়েছিলো, দেশের সর্ববৃহৎ খামার কাজী ফার্মস নিরাপত্তা না পেয়ে এ জেলা থেকে সব কিছু গুটিয়ে নিয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, সভাটিকে আরো সুন্দর করার জন্য এবং সিনিয়র অফিসারদের সম্মান দেয়ার জন্য সভায় নেমপ্লেট বসানোর ব্যবস্থা করেছি। এখানে হৈচৈ করার কি আছে। সবাইকে তো আর সামনে বসানো যাবেনা।






















