সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ২য় লেগে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার মুখোমুখি হবে অ্যাতলেতিকো বিলবাও। ন্যু ক্যাম্পে আজ বাংলাদেশ সময় রাত আড়াইটায় মুখোমুখি হবে দু’দল। প্রথম লেগে স্বাগতিক অ্যাতলেতিকো বিলবাওকে ২-১ গোলে হারিয়েছিলো কাতালানরা।
একই লক্ষ্যে স্তাদিও ভিসেন্তে ক্যালদেরনে, স্বাগতিক অ্যাতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ সেল্টা ভিগো। দু’দলের প্রথম লেগের লড়াই শেষ হয় গোল শূন্য ড্র দিয়ে। আজ রাত দেড়টায় শুরু হবে ম্যাচটি।
ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সময় পার করছে বার্সেলোনা। গত মৌসুমে ৫টি শিরোপা ঘরে তোলার পর চলতি মৌসুমেও সব ধরণের প্রতিযোগিতায় টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকা এনরিকের শীষ্যরা বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে শিরোপার পথে। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষ এই দলটি এবার কোপা দেল রে’র সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ঘরের মাঠে মুখোমুখি হবে অ্যাতলেতিকো বিলবাওয়ের।
নিষেধাজ্ঞা কাটিয়ে ২৭টি শিরোপা জয়ী আসরের সবচেয়ে সফল দল বার্সার সেরা একাদশে ফিরতে প্রস্তুত লুইস সুয়ারজে। ফলে পূর্ণ শক্তির আক্রমণভাগ নিয়েই আসরের ২৩ বারের চ্যাম্পিয়ন দ্যা লায়ন্সদের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।
তবে আরদা তুরান ও সার্জিও গাসকুয়েটের সাথে অনুপস্থিতদের তালিকাটা আরও লম্বা করেছেন জর্ডি আলবা ও জেরমি ম্যাথিউ।
অন্যদিকে ইনজুরি মুক্ত অ্যাতলেতিকো বিলবাওয়ের ইতিহাস সোনালী হলেও সম্প্রতি পার করছে বাজে সময়। কাতালানদের বিপক্ষে গত ৫ দেখায় ১ জয়ের বিপরীতে ৩ বার হারের স্বাদ নিয়েছে দ্যা লায়ন্সরা।
আরেক ম্যাচে সেমি ফাইনালের টিকিটের জন্য দ্বিতীয় লেগে স্বাগতিক অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে সেল্টা ভিগো। ১০ বার কোপা দেল রে’র শিরোপা জয়ী সিমিওনীর শীষ্যদের প্রেরণার নাম পরিসংখ্যানের পাতা। গত ৫ বারের দেখায় দ্যা স্কাই ব্লুজসদের বিপক্ষে মাত্র ১বার হার মেনেছে ব্লাঙ্কোসরা। দলে নেই কোন ইনজুরি কিংবা নিষেধাজ্ঞা সমস্যা।
অন্যদিকে, লা লিগায় বাজে সময় পার করলেও এদুয়ার্দো বেরিজের শীষ্যদের লক্ষ্য ২০০১ সালের পর আবারও ফাইনালের মঞ্চে পা রাখা। তাই লক্ষ্য প্রথম লেগের পারফরমেন্স অব্যাহত রাখা। তবে, সেমিতে ওঠার এই লড়াইয়ে ইনজুরির কারণে নলিতো, ফন্তেস ও মার্সেলো ডিয়াজকে সেরা একাদশে পাচ্ছে না সেল্টা ভিগো।























