কোরি অ্যান্ডারসনের অল রাউন্ড নৈপুণ্যে তৃতীয় টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে জয় পেলো নিউজিল্যান্ড। এই জয়ে পাকিস্তানকে ৯৫ রানে হারিয়ে ৩ ম্যাচ সিরিজ ২-১’এ জিতে নিলো কিউইরা।
ওয়েলিংটনে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে গাপটিলের ১৯ বলে ৪২ রানের ইনিংসে ভালো সূচনা পায় নিউজিল্যান্ড। উইলিয়ামসনের সঙ্গে ৫৭ রানের উদ্বোধনী জুটি গড়ে আফ্রিদির বলে আউট হন গাপটিল।
এরপর, মুনরো ৪ ও ভালোই খেলতে থাকা উইলিয়ামসন ফেরেন ব্যক্তিগত ৩৩ রানে। তবে, এরপরই শুরু হয় কোরি অ্যান্ডারসন ঝড়। তার ৪২ বলে ৮২ ও শেষের দিকে এলিয়টের ১৯ রানে ভর করেই ৫ উইকেটে ১৯৬ রানের বিশাল স্কোর গড়ে নিউজিল্যান্ড।
জবাবে, ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। সরফরাজের ব্যক্তিগত ৪১ ও শোয়েব মালিকের ১৪ রান ছাড়া আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
শেষ পর্যন্ত মাত্র ১০১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। কিউইদের হয়ে মিলনে ৩টি ও অ্যান্ডারসন ২টি উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন কোরি অ্যান্ডারসন























