চন্দনাইশ উপজেলা চেয়ারম্যানকে আজীবন বহিষ্কার

পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে উল্টো স্বতন্ত্র এক প্রার্থীর পক্ষে অবস্থান নেয়ার অভিযোগে দল থেকে আজীবন বহিষ্কার হয়েছেন চট্রগ্রামের চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান আব্দুল জাব্বার চৌধুরী। সারাদেশে উপজেলার মধ্যে জাব্বার চৌধুরীই ছিলেন লিবারেল ডেমোক্রিটিক পার্টি (এলডিপি)’র  ‘সবে ধন নীলমনি’। তিনি একই সঙ্গে তিনি এলডিপির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বও পালন করছিলেন।

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর (বুধবার রাতে) এলডিপি চেয়ারম্যান কর্ণেল (অব.) ড. অলি আহমদ তার ক্ষমতাবলে চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান আব্দুল জাব্বার চৌধুরীকে বহিষ্কার করেন। অলি আহমেদের প্রেস সচিব ও এলডিপির জাতীয় নির্বাহী কমিটির  সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জাব্বার চৌধুরীকে বহিষ্কার করার কথা জানানো হয়। পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধীতার বিষয়টি উল্লেখ না করলেও দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও খুনের মামলার সঙ্গে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করেছেন ড. অলি আহমদ।

প্রসঙ্গত, পৌর সভার নির্বাচনে চট্টগ্রাামের চন্দনাইশ থেকে এলডিপির দলীয় প্রতীক ছাতা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এলডিপি চেয়ারম্যানের ভাইয়ের ছেলে মোহাম্মদ আযুব। তিনি এর আগে দু’ দফা পৌর মেয়র ছিলেন। ২০ দলীয় জোটের শরিক দল হিসেবে এ পৌর সভায় বিএনপি প্রার্থী দেয়নি। ভাইপোর নির্বাচনে প্রচারণায় অলি আহমদ ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছেন। দলের সব নেতারা তার সঙ্গে থাকলেও উপজেলা চেয়ারম্যান আব্দুল জাব্বার ছিলেন অনুপস্থিত। অভিযোগ আছে, দলীয় প্রার্থীর জন্য তিনি কারো কাছে ভোট চাননি বরং বিরোধীতা করেছেন। সে কারণে তাকে গত ১৬ ডিসেম্বর মৌখিকভাবে সর্তক করেন এলডিপির চেয়ারম্যান ড. অলি আহমদ। এ  অবস্থায় দল ত্যাগে একটি ইস্যু খুঁজে পান জাব্বার চৌধুরী। আওয়ামী লীগের সঙ্গে সর্ম্পক রেখে  পৌর সভার স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে হাত মেলান এবং তাকে সমর্থন দেন। ফলে ২০ দলীয় প্রার্থীকে মাত্র ২৭৭০ ভোট নিয়ে ঘরে ফিরতে হয়। নির্বাচনের পর রাতে  ড. অলি দলীয় নেতাকর্মীদের বলেছেন, উপজেলা চেয়ারম্যান ‘আব্দুল জাব্বার চৌধুরী বেঈমান-মুনাফেক’। তার সঙ্গে দলের কোন সম্পর্ক থাকতে পারে না সেকারণে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে দ্রুত বহিষ্কার করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, বহিষ্কার না করলেও ওই বেঈমান (জাব্বার) আওয়ামী লীগ যোগদান করবেন এমন সংবাদ তার কাছে রয়েছে।

এ ব্যাপারে এলডিপির যুগ্ম সম্পাদক ও চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান আব্দুল জাব্বার চৌধুরী বলেছেন, ‘আল্লাহ যা করে ভালোর জন্য করে’। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অসৎ লোকের জন্য আমি মানুষের কাছে ভোট চাইতে  যেতে পারি না। আমাকে জনগণ ও আল্লাহকে এক সময় জবাবদিহি করতে হবে। সেকারণে অলি সাহেবের প্রার্থী তার ভাতিজার জন্য ভোট চাইতে যাইনি’। তার চেয়ে জসিম উদ্দিন আহমেদ নামের স্বতন্ত্র প্রার্থীকে দিয়ে অনেক বেশী উন্নয়ন সম্ভব মনে করেই তাকে সমর্থন দিয়েছেন বলে জানান আব্দুল জাব্বার।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ