মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া রায়ের বিরুদ্ধে আনা আরো ৭টি আপিল মামলা সুপ্রিমকোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
এসব মামলার আসামিরা হলেন- জামায়াত নেতা মীর কাশেম আলী, এটিএম আজহারুল ইসলাম ও আব্দুস সুবহান, জামায়াতের এক সময়ের কর্মী মোবারক হোসেন, জাতীয় পার্টি নেতা সৈয়দ মোহাম্মদ কায়সার, পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার ও মাহিদুর রহমান।
এ পর্যন্ত ৫টি আপিল মামলা নিস্পত্তি হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদন্ডাদেশ বহাল রেখে গত ২৯ জুলাই রায় ঘোষণা করে আপিল বিভাগ। রায় রিভিউর জন্য আনা আবেদনও ১৮ নভেম্বর খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এটি পঞ্চম আপিল মামলা। গত ১৬ জুন চতুর্থ আপিল মামলার রায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদন্ড বহাল রাখে আপিল বিভাগ। মুজাহিদেরও রায় রিভিউর আবেদন ১৮ নভেম্বর খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। পরদিন ১৯ নভেম্বর সাকা চৌধুরী ও মুজাহিদের রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ রায় রিভিউ’র আবেদন খারিজ করে আদেশ দেয়।
এটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, এ দুই আসামির রায় কার্যকর করা এখন সময়ের ব্যাপার মাত্র।
আপিলের প্রথম রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার আপিল নিষ্পত্তির পর ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর যাবজ্জীবন সাজা বাড়িয়ে মৃত্যুদন্ডাদেশ দেয় আপিল বিভাগ। এই রায় রিভিউ’র আবেদনও খারিজ করে দেয় আপিল বিভাগ। এরপর ওই বছর ১২ ডিসেম্বর কাদের মোল্লার মৃত্যুদন্ড কার্যকর করা হয়। গত বছর ১৭ সেপ্টেম্বর আপিলের দ্বিতীয় রায়ে জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর ট্রাইব্যুনালে দেয়া সাজা মৃত্যুদন্ড থেকে কমিয়ে তাকে আমৃত্যু কারাদন্ড দেয় আপিল বিভাগ। সাঈদীর পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশিত হয়নি। এটর্নি জেনারেল জানিয়েছেন পূর্ণাঙ্গ রায় পেলে সাঈদীর মৃত্যুদন্ড চেয়ে রায় রিভিউ’র আবেদন করা হবে।
আপিলের তৃতীয় রায়ে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে ট্রাইব্যুনালে দেয়া ফাসিঁর দন্ডাদেশ বহাল রাখা হয়। ফাসিঁর দন্ড বহাল রাখার রায়ের বিরুদ্ধে কামারুজ্জামানের রিভিউ (পুর্নবিবেচনা) আবেদনও খারিজ করে রায় দেয় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। গত ১১ এপ্রিল রাতে এ ফাঁসি কার্যকর করা হয়। ট্রাইব্যুনালে দন্ডিতদের মধ্যে কামারুজ্জামান হলেন দ্বিতীয় ব্যক্তি যার ফাসিঁর রায় কার্যকর করা হলো। জামায়াতের সাবেক আমীর গোলাম আযম ও বিএনপি নেতা আব্দুল আলীম মৃত্যুবরণ করায় তাদের মামলায় আনা আপিল অকার্যকর ঘোষণা করা হয়েছিল।
জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীকে মৃত্যুদন্ড দিয়ে ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে আনা আপিল মামলার শুনানি চলছে।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম প্রধান অঙ্গীকার ছিলো যুদ্ধপরাধীদের বিচার করা। ওই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট দুই তৃতীয়াংশের বেশী আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে। সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশনেই যুদ্ধপরাধীদের বিচারে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়। এরপর ২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল, তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন টিম গঠন করা হয়। প্রথমে ১টি ট্রাইব্যুনালে এ বিচার প্রক্রিয়া শুরু হয়। পরে এ বিচারকে ত্বরান্বিত করতে ২০১২ সালের ২২ মার্চ আরো একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারিক কার্যক্রম শেষে এ পর্যন্ত ট্রাইব্যুনাল-১এ ১০টি ও ট্রাইব্যুনাল-২ এ ১১টিসহ মোট ২১টি মামলার রায় ঘোষণা করা হয়। মামলার সংখ্যা কমায় বর্তমানে একটি ট্রাইব্যুনালে বিচার চলছে। প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।





















