সোমবার বিকাল ৪টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের শিমরাইলের টেকপাড়ার নারায়ণগঞ্জের ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার ভাতিজা কাউন্সিলর শাহ জালাল বাদলের বাড়ি এবং নয়াআটি রসুলবাগের বাড়িসহ বিভিন্ন বাড়িতে পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে।তবে এ অভিযানে কাউকে আটক করেত পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (ক-অঞ্চল) মো. ফোরকান সিকদারের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ, জেলা পুলিশ, আর্মড ব্যাটালিয়ান ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ যৌথভাবে ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের টেকপাড়া বাড়ি ও তার ভাতিজা ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের নয়াআটি রসুলবাগের বাড়িতে প্রথমে অভিযান চালায়।
পরে পুলিশ সিদ্ধিরগঞ্জের শিমরাইলের জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টারের ভাতিজা সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। তবে এ অভিযানে কাউকে আটক করেত পারেনি পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু. সরাফত উল্লাহ জানান, সন্ত্রাসী, চাঁদাবাজ গ্রেফতার ও মাদক উদ্ধারে যৌথভাবে এ অভিযান চালানো হয়।
তিনি বলেন, যেহেতু নূর হোসেন একজন সন্ত্রাসী সেহেতু তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। এছাড়াও পত্র-পত্রিকায় খবর এসেছে নুর হোসেনের সহযোগীরা আবার এলাকায় ফিরে এসেছে। তাই তার বাড়িতে এবং তার ভাতিজা শাহ জালাল বাদলের বাড়িতে সহযোগীদের গ্রেফতার করতে আমরা অভিযান চালিয়েছি। কিন্তু তার সহযোগী বা কোন অপরাধীকে পাওয়া যায়নি। এছাড়াও শিমরাইলের যুবলীগ নেতা নজরুলের বাড়িতেও অভিযান চালানো হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






















