আর্থনিউজ২৪: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শনিবার বিকাল ৫ টার দিকে যুবলীগের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও চেয়ার ছোড়া ছুড়ির ঘটনা ঘটেছে। এতে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় যুবলীগের সংবর্ধনা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিতরণ অনুষ্ঠান চলাকালে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী বাবলু ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোসলেহ উদ্দিন মুন্নার সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চন্দ্রগঞ্জ মডেল স্কুল মাঠে স্থানীয় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও ফ্লোরিডা স্টেট যুবলীগের যুগ্ম আহ্বায়ক রমিজ উদ্দিন আহম্মদের সংবর্ধনা এবং [review]বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিতরণ অনুষ্ঠান চলছিল। এসময় দর্শক সারীতে চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা মুন্না ও কাজী বাবলু সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও চেয়ার ছোড়া ছুড়ির ঘটনা ঘটে। এসময় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ কে এম সালাহ উদ্দিন টিপু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে এসে আহত হন। এর আগে স্থানীয় ছাত্রলীগ নেতা মাসুদ, হৃদয় ও সজীবসহ আরো ৯ ছাত্রলীগ নেতা কর্মী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্বাভাবিকভাবে অনুষ্ঠান পরিচালিত হয়।






















