সবকিছু ঠিক থাকলে হয়তো পরবর্তী বোর্ড প্রেসিডেন্টের ভূমিকায় দেখা যেতে পারে শশাঙ্ক মনোহরকেই৷ প্রয়াত প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার জুতোতেই পা গলাতে চলাছেন তিনি৷ ২০০৮-১১ পর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্টের ভূমিকা সামলেছিলেন শশাঙ্ক৷ ফের ২৯তম বোর্ড প্রসিডেন্ট হতে চলেছেন বিসিসিআই-এর এই প্রভাবশালী ব্যক্তি৷এমনটাই খবর৷
শশাঙ্কের আগে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল’রও নাম শোনা যাচ্ছিল প্রেসিডেন্টের জন্য৷ কিন্ত শুক্ল নিজেই সাফ জানিয়ে দিলেন যে তিনি কখনই বোর্ডের মগডালে বসার দৌড়ে ছিলেন না৷ রাজীব বলছেন,‘ আমি কখনই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ছিলাম না৷ আমি বোর্ডের একজন বিস্বস্ত সৈনিক৷ আমি বোর্ডের উন্নতির জন্যই কাজ করে যাব৷ শশাঙ্ক প্রেসিডেন্ট হলে বোর্ডেরই মঙ্গল হবে৷ আমার পুরো সমর্থন রয়েছে ওর জন্য৷ আমি আশাবাদী বিসিসিআই ওর হাত ধরে দারুণ কাজ করবে৷’ আসন্ন রবিবারই বিশেষ সাধারণ মিটিংয়ে হয়তো শশাঙ্কর নামে সিলমোহর বসতে চলেছে৷






















