১১ বছরের সেরেনা ভীতি কাটাতে চান মারিয়া শারাপোভা

বৃহস্পতিবার অল ইংল্যান্ড ক্লাবে মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসের সামনে চতুর্থ বাছাই মারিয়া শারাপোভা৷ ২০০৪ ফাইনালে সেন্টার কোর্টে ‘সেরেনা বধ’ করে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেয়েছিলেন ১৭ বছরের রুশ সুন্দরী৷
গত এক দশকে সেরেনার বিরুদ্ধে জিততে পারেননি শারাপোভা৷ ১৯ বারের মুখোমুখি লড়াইয়ে ১৭বারই বাজিমাত করেছেন মার্কিনি৷ কিন্তু সময় যত গড়িয়েছে কোর্ট ও কোর্টের বাইরে সম্পর্ক খারাপ হয়েছে সেরেনা-শারপোভার৷ সেরেনার প্রাক্তন বয়ফ্রেন্ড গিগর দিমিত্রভের সঙ্গে মাশার ডেটিং যাওয়ার পর থেকে দু’জনের সম্পর্ক আরও তিক্ত হয়৷ গত এক দশকে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছে মাশা৷ কোর্টে সে ভাবে দাপট না-দেখালেও ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে অন্যদের ছাপিয়ে গিয়েছেন শারাপোভা৷ বিশ্বের সবচেয়ে ধনী মহিলা অ্যাথলিট হয়েছেন, কিন্তু ২০০৪-এর পর থেকে একবারও বিশ্বের এক নম্বরের তকমা পাননি রুশ সুন্দরী৷
২০১০-এ উইম্বলডনের শেষ ষোলোয় সাক্ষাৎ হয়েছিল সেরেনা-শারপোভার৷ তার পর ২০১২ লন্ডন অলিম্পিক ফাইনালে৷ কিন্তু দু’বার শেষ হাসি হাসেন মার্কিনি৷ মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে (৩-৬, ৬-২, ৬-৩) হারিয়ে শেষ চারে ওঠেন সেরেনা৷ গ্র্যান্ড স্ল্যামে টানা ২৬টি ম্যাচ জিতেছেন তিনি৷ সেরেনার সামনে প্রথম ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি৷ মাশার বিরুদ্ধে লড়াইটা উপভোগ করেন সেরেনা৷
বৃহস্পতিবার শারাপোভা তাঁর পঞ্চম উইম্বলডন সেমিফাইনালে নামবেন৷ এদিন কোয়ার্টার ফাইনালে কোকো ভ্যানদেওয়েগার বিরুদ্ধে তিন সেটের (৬-৩, ৬-৭, ৬-২) লড়াই জেতেন মাশা৷ শেষ চারে সেরেনার বিরুদ্ধে লড়াই নিয়ে শারাপোভা বলেন, ‘এটা আমার কাছে সব সময় নতুন ম্যাচ৷ ওর বিরুদ্ধে আমার সাফল্য বেশি নেই৷ এটা আমি পালটাতে চাই৷’

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ