দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দলে ফিরতে চাই : তাসকিন।

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে টি-টোয়েন্টি মিস করলেও শতভাগ ফিট হয়ে ওয়ানডেতে দলে ফিরতে চান টাইগার পেসার তাসকিন আহমেদ। সেলক্ষ্যে দু-একদিন মধ্যেই বিসিবির ফিজিও-র তত্ত্বাবধানে রিহ্যাব প্রোগ্রাম শুরু করবেন বলেও জানান এ পেসার। এদিকে বাংলাদেশের পেস আক্রমণ এখন বিশ্বের যেকোনো দলের চেয়ে সেরা বলে মনে করেন ডানহাতি পেসার তাসকিন।

বাংলাদেশের ক্রিকেটের পেস আক্রমণে মাশরাফি-রুবেলের পর এখন যার নাম সবার আগে আসে, তিনি তাসকিন আহমেদ। ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটে বল হাতে নিজের জাত চিনিয়েছেন ডানহাতি এ পেসার।

সুইংয়ের পাশাপাশি তার বোলিংয়ের অন্যতম অস্ত্র গতি। তরুণ এ টাইগার পেসারের সামনে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের হার মানতে হয় তার গতির কাছেই। যা প্রমাণ হয়েছে সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে হোম সিরিজেও।

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ধোনী-কোহলিদের কাবু করতে নবাগত মুস্তাফিজের পাশাপাশি ভূমিকা রেখেছিলেন ঢাকার ছেলে তাসকিন আহমেদও। তবে শেষ ম্যাচের আগের দিনই তাকে চেপে ধরে সাইড স্ট্রেন্থ ইনজুরি। যার কারণে তাসকিন মাঠ থেকে ছিটকে পড়েন দুই সপ্তাহের জন্য।

তবে শিগগিরই শতভাগ ফিট হয়ে মাঠে ফিরে আসবেন বলেও প্রত্যাশা করেন গত বছর ভারতের বিপক্ষে অভিষেকে ৫ উইকেট তুলে নেয়া তাসকিন।

এদিকে ভারত সিরিজের আগে দেশের পেস আক্রমণ নিয়ে নানা প্রশ্ন থাকলেও এখন তা পুরোপুরি পাল্টে গেছে। তাই, টাইগার পেসাররা এখন বিশ্বের মধ্যে অন্যতম বলেও মনে করেন ওয়ানডেতে ১৪ ম্যাচে ২১ উইকেট নেয়া তাসকিন।

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর সামনের দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ভাল করবে টিম বাংলাদেশ। এমন আশার কথাও জানান তাসকিন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ