‘দিলওয়ালে’ ছবিতে একইসঙ্গে কাজ করছেন তাঁরা। তবুও সেভাবে অন্যজনের মন পাওয়া গেল না! শাহরুখ খান আর বরুণ ধাওয়ানের কথাই হচ্ছে। ‘দিলওয়ালে’ ছবির শুটিং-এর জন্য শাহরুখ-কাজলের সঙ্গে বরুণও উড়ে গিয়েছেন বুলগেরিয়ায়। কিন্তু এসআরকে-র সঙ্গে স্ক্রীন শেয়ার করার সুযোগ পেলেও বরুণ নাকি ছবির অন্য একজন অভিনেতার যাকে বলে ‘ডাই-হার্ড’ ফ্যান। ভাবছেন, শাহরুখ যখন নন, তাহলে নিশ্চয়ই বরুণ কাজলের ভক্ত? তাহলেও আপনি ভুল ভাবছেন! শাহরুখ-কাজল কেউই নন, বরুণের আসল ‘দিলওয়ালে’ হলেন জনি লিভার।
ডেভিড ধাওয়ানপুত্র জানিয়েছেন তিনি নাকি জনি লিভারের অন্ধ ভক্ত। তাই জনির সঙ্গে স্ক্রীন শেয়ার করতে পেরে নিজেকে খুবই সৌভাগ্যবান বলে মনে করছেন। শুটিং-এর ফাঁকে জনির সঙ্গে অবসর সময়ে গল্পগুজবও করছেন ‘এবিসিডি টু’-এর নায়ক। ‘কমেডি কিং’ জনি লিভারের কমেডি এবং মজার অভিনয় তিনি ছেলেবেলা থেকেই খুব পছন্দ করেন। বরুণের বাবা ডেভিডের কমেডিপ্রীতি তো সবার জানা, এখন দেখা যাচ্ছে পুত্রও সেই ধারাই রপ্ত করেছেন।
একেই বলে বাপ কা বেটা।






















