সদ্য সমাপ্ত বিপিএলে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস নিয়ে বিতর্ক বা জলঘোলা হয়েছে প্রচুর। আধুনিক ক্রিকেটে ডিআর এস যেন মাঠের ক্রিকেটের আনুষঙ্গিকই হয়ে উঠেছে। বিপিএলে ডিআরএস না থাকায় বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছিলো বিসিবিকে। তাতেই যেন টনক নড়েছে বিসিবি কর্তাদের। এবার লম্বা সময়ের জন্য দেশের ক্রিকেটে ডিআরএস রাখার কথা জানালো বিসিবি।
আসন্ন ইংল্যান্ড সিইরজ থেকে শুরু করে আগামী ২০২৭ সাল পর্যন্ত ডিআরএস রাখার চুক্তি সম্পন্ন করেছে বিসিবি। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।
সুজন বলেন, ‘আপনাদের তথ্যের জন্য বলছি, ডিআরএস নিয়ে তো অনেক কথা হয়েছে, অনেক বিষয় এসেছে। ডিআরএস হচ্ছে আমাদের প্রডাকশনের একটা ব্যাপার। ডিসিশন মেকিংয়ে অ্যাকুরেসি নিশ্চিত করা হয় এটার মাধ্যমে। আগে যখন ডিআরএস ছিল না, তখনও কিন্তু ক্রিকেটটা হতো। এমনকি বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ইভেন্টও ডিআরএস ছাড়াই সম্পন্ন হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এরপর যখন টেকনোলোজি আসে, তখন ডিআরএসকে আইসিসি ইভেন্টে বাধ্যতামূলক করে দেওয়া হয়। ঘরোয়া টুর্নামেন্টে আমাদেরও চেষ্টা ছিল ডিআরএস নিশ্চিত করার। আমরা যেটা করেছিলাম, প্রোডাকশনকে দিয়েছিলাম দায়িত্ব। এখন সেই বিষয় থেকে বেরিয়ে এসেছি। আমরা লম্বা সময়ের জন্য ডিআরএস প্রোভাইডারদের সঙ্গে চুক্তিতে যাচ্ছি। আমাদের অন্তত ২০২৭ সাল পর্যন্ত দীর্ঘ চুক্তি। যেন বাংলাদেশে আন্তর্জাতিক ও ঘরোয়া খেলাগুলো সবগুলোতে ডিআরএসের সাহায্য পায়।’
























