২০২১ সালের ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন অন টেকনোলজির আয়োজন করবে বাংলাদেশ। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফেসবুকে দেয়া এক পোস্টে এই খবর নিশ্চিত করেছেন।
‘ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্পর ভিত্তিতে স্বাধীনতার ৫০ বছর পূর্তির সাল ২০২১ এ তথ্যপ্রযুক্তি বিষয়ক এই আয়োজনের স্বাগতিক হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। উল্লেখ্য, একই বছর বর্তমান সরকারে ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নের বছর। তথ্য প্রযুক্তির ওয়ার্ল্ড কংগ্রেসের উদ্যোক্তা দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা) একটি অলাভজনক প্রতিষ্ঠান যেটি বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট শিল্প নিয়ে নিয়ে কাজ করে। বিশ্বজুড়ে ৮৩ টি জাতীয় প্রতিষ্ঠান এর সদস্য এবং এই শিল্পের ৯০ শতাংশর মালিক এর সদস্য প্রতিষ্ঠানগুলো। ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন অন টেকনোলজি তাদের প্রধান ইভেন্ট, ২০১৪ সাল পর্যন্ত প্রতি দুই বছরে ১ বার করে অনুষ্ঠিত হয়েছে। ২০১৬ ব্রাজিল কংগ্রেস থেকে প্রতি বছর এখন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে বিপিও সামিটের সময়ে উইটসার সভাপতি সান্তিয়াগো গুতিয়ারেজ বলেছিলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২১ সালে উইটসার এ সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ২০১৪ সালে উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণের সময় ২০২১ সালে উইটসার ওয়ার্ল্ড কংগ্রেস আয়োজনের প্রস্তাব দিয়েছিলেনন জুনাইদ আহমেদ পলক।
























