হামলার ক্ষত ভুলে প্যারিসবাসী ফিরেছে স্বাভাবিক জীবনধারায়

ভয়াবহ সন্ত্রাসী হামলার চার দিন পেরিয়ে যাওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে শিল্প সাহিত্যের রাজধানী হিসেবে খ্যাত প্যারিসের জনজীবন। রাতের প্যারিসের অহংকার ক্যাফে আর রেস্তোরাঁগুলো তাই মুখরিত হয়ে উঠেছে তরুণ তরুণীদের পদচারণায়। হামলার ক্ষত ভুলে প্যারিসবাসী ফিরেছে স্বাধীন জীবনধারায়। গোটা বিশ্বকে জানাতে চাইছে জঙ্গিদের ভয়ে মোটেও ভীত নন তারা।

গেল শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসের যে এলাকাগুলোতে সন্ত্রাসী হামলা হয়েছিলো, সেগুলোর অদূরেই দেখা গেলো অন্য চিত্র। রাতের শহর প্যারিস আবারও ঝলমলে হয়ে উঠেছে। হেসে উঠতে শুরু করেছে তার চিরন্তন রূপ নিয়ে। ক্যাফে আর রেস্তোরাঁগুলোতে আনাগোনা শুরু হয়েছে সেখানকার নাগরিকদের।

প্যারিসবাসী নাগরিকেরা জানায়, সন্ত্রাসীদের ভয়ে মোটেও ভীত নন তারা। জমজমাট একটি ক্যাফেতে আড্ডা দিতে আসা ১৭ বছর বয়েসী ম্যাননের কণ্ঠে শোনা গেল সন্ত্রাসী আর জঙ্গিবিরোধী দৃঢ় মনোভাব।

তিনি বলেন, ওরা যতটা ভাবে আমরা তার চেয়েও শক্ত। কতগুলো মূর্খ বোকার জন্য আমরা আমাদের জীবন বদলে ফেলবো না। যেকোনো মূল্যে আমার আমাদের স্বাভাবিক জীবন যাপন চালিয়ে যাবো। জঙ্গিরা যত হুমকিই দিক, আমরা পিছিয়ে যাচ্ছি না।

শুধু তরুণ-তরুণীরাই নয়, ঘর ছেড়ে বেড়িয়ে এসেছেন নেজলা মাবরুক নামের এই বৃদ্ধাও। হামলার পরে প্যারিসে বেড়াতে আসা এক তিউনিশীয় শিক্ষিকা জানালেন, প্যারিস একটুও বদলে যায়নি।

তিনি বলেন, এখানে এসেছি শুধু এটাই প্রমাণ করতে যে, প্যারিস এখনো মরে যায়নি। ফ্রান্স এখনো কতটা আলো ছড়াতে পারে, তা সবাইকে দেখাতে। প্যারিস এখনো আগের মতোই আছে।

এদিকে রেস্তোরাঁ মালিকের কথায় ফুটে উঠলো আরেক ধরনের উদ্বেগ। সাম্প্রতিক এই হামলার ফলে প্যারিসের পর্যটন ব্যবসায় ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

তিনি বলেন, এমনিতেই ডিসেম্বর মাসে আমাদের এখানে লোকজন কম আসে। আর এই ঘটনা সবকিছুকে আরো কঠিন করে তুলেছে। কিন্তু আমরা ফরাসিরা মোটেও ঘাবড়ে যাচ্ছি না। পরিস্থিতি মোকাবেলায় সবাই একসাথে আছি।

উচ্ছল আর প্রাণবন্ত প্যারিস শহরকে এভাবেই দেখতে চান সেখানকার বাসিন্দারা। জঙ্গি হামলার ভয়ে ভীত কিংবা আতঙ্কের শহর হিসেবে নয়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ