১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

‘হাটহাজারীতে ইউপি নির্বাচনের আগে ক্যাডার বাহিনী জড়ো করা হচ্ছে’

[ad id=”28167″]

চট্টগ্রাম মহানগরীর হাটহাজারী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে প্রতিটি ইউনিয়নে সরকারি দলের ক্যাডার বাহিনী এনে জড়ো করা হচ্ছে বলে আভিযোগ করেছে বিএনপি।

সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কিত হওয়ায় বহিরাগতদের প্রবেশ নিষেধের দাবি জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছির উদ্দিন তার নগরীস্থ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান। 

ইউনিয়ন পরিষদ নির্বাচন বিভাগীয় মনিটরিং টিম চট্টগ্রাম-ক- এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মীর নাছির বলেন, “এ নির্বাচন সরকার পরিবর্তন করবেনা। স্থানীয়ভাবে যোগ্য নেতৃত্ব তৈরির জন্য এ নির্বাচন একটি সিঁড়ি মাত্র। কিন্তু সরকার তাদের বাকশালী চেহারার নগ্নতা প্রকাশ করতে স্থানীয় এ নির্বাচনকে শুরু থেকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে।”  

তিনি বলেন, “আমরা গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছি। বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়না। বিএনপি একটি গণতান্ত্রিক দল।”

আগামী ৭ মে হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উল্লেখ করে নাছির উদ্দিন বলেন, “এ উপজেলায় বর্তমানে বিএনপির ১১ জন চেয়ারম্যান রয়েছেন। যারা ইতোমধ্যে জনগণকে তাদের কাঙ্খিত মানের সেবা দিতে আন্তরিকভাবে কাজ করেছেন। মোট ১৪টি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কিন্তু সরকারি দলের প্রার্থীর লোকজন প্রতিনিয়ত বিএনপির ধানের শীষের প্রার্থীদের প্রচার প্রচারণায় বাধা প্রদান করছে। হামলা চালাচ্ছে নির্বাচনী প্রচারণায়। প্রার্থীদেরকে জোর করে উঠিয়ে নিয়ে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করা হচ্ছে।”

মীর নাছির বলেন, “উপজেলার গরদুয়ারা, ফতেপুর, বুড়িশ্চর, চিকনদন্ডী, শিখারপুর, গুমানমর্দনসহ সবকটি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণায় দফায় দফায় হামলা, পোস্টার, ব্যানার ছিড়ে ফেলা, মাইকিংয়ে বাধা দেয়ার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করার পরেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।”

তিনি আরো জানান, প্রশাসন নিরপেক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন হলে হাটহাজারীর সবগুলো ইউনিয়নে বিএনপির প্রার্থীর জয় নিশ্চিত হবে। তিনি ভোটের দিন পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ও প্রভাবমুক্তভাবে কাজ করতে দেয়ার দাবি জানান।”

তিনি বলেন, “নির্বাচন কমিশনে অভিযোগ করে কোনো লাভ নেই। বর্তমান নির্বাচন কমিশনের কারণে মানুষের ভোটাধিকার হরণ হয়েছে। এটি একটি অথর্ব নির্বাচন কমিশন।” বর্তমান নির্বাচন কমিশন নিয়ে কথা বলতেও লজ্জা লাগে বলে মন্তব্য করেন তিনি।
  
বিএনপির এ সিনিয়র নেতা সংবাদ সম্মেলনে আরো জানান, হাটহাজারীর প্রতিটি ইউনিয়নে পার্শ্ববর্তী রাউজান, ফটিকছড়ি উপজেলা থেকে সরকারি দলের ক্যাডার বাহিনী এনে জড়ো করা হচ্ছে। 

তিনি বলেন, “নির্বাচনে মাঠ পর্যায়ে বিএনপি তথা ধানের শীষের ব্যাপক গণজোয়ার উঠেছে। আমরা এ গণজোয়ারকে কাজে লাগাতে পক্ষপাতহীন, প্রভাবমুক্ত একটি নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচন দাবি করছি সরকারের কাছে।”
 
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা শেখ মো. মহিউদ্দিন, নুর মোহাম্মদ, অ্যাডভোকেট নাজিম উদ্দিন, অ্যাডভোকেট আবদুচ ছাত্তার, সোলাইমান মঞ্জু, মো. আইয়ুব খান প্রমুখ। 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ