স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফাউন্ডেশন অবস্থান কর্মসূচি পালন করছে। জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বৃহস্পতিবার সকালে তারা অবস্থান নেন। তাদের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদরাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন।
বুধবারও জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি।
এর আগে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য প্রধানমমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, এমপিভুক্ত না হওয়ার কারণে ১০ থেকে বছর ১৫ বছর যাবৎ ২০ লক্ষাধিক শিক্ষার্থীকে পাঠদানকারী ১ লক্ষ ২০ হাজার শিক্ষক কর্মচারী বিনা বেতনে মানবেতর জীবন যাপন করছে যা অত্যন্ত কষ্টকর ও বেদনাদায়ক।
তারা বলেন, এ সকল নন এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা আদায়ের লক্ষে দীর্ঘ ৫ বছর অধিক সময় নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম পালন করতে গিয়ে আমাদের বেশ ক’জন শিক্ষক-কর্মচারী হতাহত হয়েছে। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি ঝুলে থাকায় এসব নন এমপিও শিক্ষক পরিবার সরকারের দিকে এখনও তাকিয়ে আছে।























