আর্থনিউজ২৪: সৌদি আরবে ৫০টি নামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এখন থেকে দেশটিতে কেউ তাদের নবজাতকদের ওই নাম রাখতে পারবেন না; এমনকি ডাকতেও পারবেন না। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে রবিবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর গালফ নিউজের।
খবরে বলা হয়, সৌদিতে এখন থেকে কেউ তাদের সন্তানদের আমির (প্রিন্স), লিন্ডা অথবা আব্দুল নবী (মহানবীর দাস) এ ধরনের নাম রাখতে পারবেন না।
মূলত ধর্মীয় ও সাংস্কৃতিক দিক দিয়ে বিরোধপূর্ণ হওয়ার কারণেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাছাড়া যে নামগুলোর কোন অর্থ নেই এবং যা আরবি ভাষার নাম নয়, এমন নামও নিষিদ্ধ করা হয়েছে।
মূলত ধর্মীয়, সাংস্কৃতিক এবং অর্থহীন তিনটি ক্যাটাগরিতে ৫০টি নাম নিষিদ্ধ করা হয়েছে।
তবে আব্দুল করিম, বেঞ্জামিন (বেনিয়ামিন) নামগুলো মুসলিম ও কোরআনের মতে হলেও এক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু কি কারণে এসব নাম নিষিদ্ধ করা হল তার স্পষ্ট কোন ব্যাখ্যা দেয়া হয়নি।
এরমধ্যে হিন্দুদের দেবতার নাম রাম এবং বাইবেল অনুযায়ী বেঞ্জামিন (আরবিতে বেনিয়ামিন) হলো নবী জ্যাকবের (কোরআনে বর্ণিত ইয়াকুব) ছেলে। সেই সঙ্গে বেঞ্জামিন বা বেনিয়ামিন নামটি বর্তমান ইসরায়েলি প্রধানমন্ত্রীর নাম বেনিয়ামিন (ইংরেজিতে বেঞ্জামিন) নেতানিয়াহু।
নিষেধাজ্ঞার মধ্যে পড়া অনেক নাম বিদেশি বা দেশের জন্য অনুপযুক্ত বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া তালিকায় আরো কিছু নাম আছে, যেগুলো সৌদি রাজপরিবারের সঙ্গে সম্বন্ধযুক্ত বলে তা সাধারণের জন্য নিষিদ্ধ করা হয়েছে। যেমন- সুমু (রাজরাজড়াদের মর্যাদাসূচক আখ্যাবিশেষ), মালিক (রাজা) এবং মালিকা (রানী) ইত্যাদি।
























