সৌদি আরবে হজযাত্রী না পাঠানোর সিদ্ধান্ত ইরানের

এ বছর সৌদি আরবে হজযাত্রী না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান।

বৃহস্পতিবার ইরানের সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা মন্ত্রী আলী জান্নাতি দেশটির পবিত্র শহর হিসেবে পরিচিত ‘কোম’ শহর পরিদর্শনে এসে একথা বলেন। দেশটির রাষ্ট্র পরিচালিত ইরনা সংবাদ সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

গতবছরে সৌদি আরবে হজের সময় দুর্ঘটনায় ২,৪৬২ জন হাজি মারা যান। যার মধ্যে ৪৬৪ জন ছিলেন ইরানি নাগরিক। এছাড়াও গতবছরের ২৪ সেপ্টেম্বর হজ চলাকালে মক্কায় ক্রেন দুর্ঘটনায় ১১১ জন হাজি মারা যান। তাছাড়াও দুই দেশের মধ্যে শিয়া-সুন্নি বিবাদ বৃদ্ধি ও জানুয়ারি মাসে সৌদিতে এক শিয়া নেতার মৃত্যুদণ্ড, ইত্যাদি ঘটনার প্রেক্ষাপটে ইরান এ বছর সৌদিতে হজযাত্রী পাঠাবে না বলে জানিয়েছে দেশটির মন্ত্রী আলী জান্নাতি।

মন্ত্রী বলেন, “বিষয়টি আপাতত নিশ্চিত যে আমরা এ বছর সৌদিতে কোনো হযযাত্রী পাঠাব না। আমরা সৌদি আরবের সঙ্গে বিদ্যমান বিরোধ মিমাংসায় অনেক চেষ্টা করেছি কিন্তু সৌদি আরব তা চায়নি। এখন আর সে সুযোগ নেই।”

জানুয়ারিতে সৌদি আরবে শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ডের ঘটনার প্রেক্ষাপটে ইরানে ব্যাপক বিক্ষোভ হয়। ইরানে সৌদি হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বিপুল জনগণ। এ ঘটনার পর সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এর ফলে ইরানে সৌদি দূতাবাস বন্ধ হয়ে যাওয়ায় ইরানী নাগরিকরা হজে যাওয়ার জন্য ভিসা জটিলতায় পড়েছেন। সৌদি আরব বলেছে ইরানীদেরকে ভিসা পেতে হলে অন্য দেশে অবস্থিত সৌদি দূতাবাসে যেয়ে আবেদন করতে হবে। এসব ঘটনার জন্য ইরান্ সৌদিতে হজযাত্রী না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, এর আগেও কয়েকবার সৌদিতে হজযাত্রী পাঠায়নি ইরান। ১৯৮৭ সালে হজে গিয়ে সৌদি দাঙ্গা পুলিশের সঙ্গে সহিংসতায় জড়িয়ে পড়ে ইরানি হাজিরা। এ ঘটনায় ৪০২ জন মারা যান। ইরান দাবি করে পুলিশ মেশিনগান দিয়ে গুলিয়ে চালিয়ে ৬০০ ইরানি নাগরিককে হত্যা করেছে। এ ঘটনার প্রতিবাদে পরের দুই বছর অর্থাৎ ১৯৮৮ ও ১৯৮৯ সালে সৌদিতে হাজি পাঠায়নি ইরান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ