২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে পূর্বশত্রুতায় কৃষকের ফসলি জমি ধ্বংস!

ক্ষতিগ্রস্ত কুষক

পূর্বশত্রুতার জেরে সুনামগঞ্জের জামালগঞ্জে এক কৃষকের ধানিজমি গর্ত করে নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে সেরমস্তপুর গ্রামের প্রভাবশালীদের বিরুদ্ধে। স্থানীয় ইউপি সদস্যের দাবি, জমিটি মসজিদ-মাদ্রাসার সম্পত্তি, তাই গর্ত করে গাছের চারা লাগানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

কৃষিজমি নষ্ট হওয়ার কষ্টে জমির আইলে বসে কান্নায় ভেঙে পড়েন আলেয়া বেগম ও আব্দুল মোতালিব। ক্ষেতের গর্তগুলো ঘুরে ঘুরে দেখছেন আর চোখের পানি ফেলছেন।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকার কৃষক আব্দুল মোতালিব মিয়া ক্রয়সূত্রে ৭ বিঘা জমির মালিক। কিন্তু ১৭ ডিসেম্বর সকালে সেরমস্তপুর গ্রামের কয়েকজন প্রভাবশালীর নেতৃত্বে গ্রামের কিছু মানুষ তার জমিতে গাছের চারা লাগানোর জন্য শত শত গর্ত করেন। ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর অভিযোগ, জোর করে ধানি জমিতে গর্ত করে জমিটি নষ্ট করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত আলেয়া বেগম বলেন, ‘আমি অসহায় মানুষ। কেন আমার এ ক্ষতিটা করল! আমার জমিটায় প্রায় তিন-চারশ গর্ত করছে।’

সাচনা বাজার ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অভিযোগ অস্বীকার করে বলেন, জোরপূর্বক করা হয়নি। আর ইউপি চেয়ারম্যান জানান, জমি চিহ্নিত না করায় সমস্যার সৃষ্টি হয়েছে।

সাচনা বাজার ইউনিয়ন পরিষদের সদস্য ছমির উদ্দিন বলেন, ‘এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। গাছের চারা রোপণ করতে গর্ত করা হয়েছে। কারোর ক্ষতি করার ইচ্ছেও নেই আমাদের।’

সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ‘এখানে ১১ একর জায়গা। এখন বসে একটা মীমাংসায় যেতে হবে। সে যতটুকু জায়গা কিনেছে, সে ততটুকু পাবে। জায়গা চিহ্নিতকরণে সমস্যা হওয়ায় এ জটিলতা তৈরি হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, কৃষিজমি নষ্ট করার কারো কোনো অধিকার নেই। যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় সেরমস্তপুর গ্রামের প্রভাবশালী ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০ জনকে আসামি করে জামালগঞ্জ থানায় একটি মামলা করেছেন কৃষকের স্ত্রী আলেয়া বেগম।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ