সাভারে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট ডেলটা সিএনজি ফিলিং স্টেশনে ব্যক্তিগত গাড়িতে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি ঐ ফিলিং স্টেশনটির অপারেটর।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির ঘটনার সত্যতা স্বীকার করেন। নিহত অপারেটরের নাম শামীম। তার বাড়ি মানিকগঞ্জ জেলায় বলে জানিয়েছেন ফিলিং স্টেশনটির মালিক জাহাঙ্গীর মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে ডেলটা সিএনজি ফিলিং ষ্টেশনে একটি গাড়িতে গ্যাস ভরার সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে অপারেটর শামিম ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও অন্তত চারজন।
সিলিন্ডার বিস্ফোরিত হয়ে প্রাইভেটকারটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে এর যন্ত্রাংশ এবং ফিলিং স্টেশনের কিছু অংশ উড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
























