নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার অন্যতম আসামি র্যাবের সাবেক সিও তারেক সাঈদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া, এ ঘটনায় দায়ের করা দুটি মামলার মধ্যে আইনজীবী চন্দন সরকার ও ড্রাইভার ইব্রাহীম হত্যার মামলাটির বিচার প্রক্রিয়া শুরুর জন্য, জজ কোর্টে প্রেরণের নির্দেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
সোমবার সকালে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আশিক ইমাম এ আদেশ দেন। এ সময় র্যবের সাবেক ৩ কর্মকর্তাসহ গ্রেফতারকৃত ২২ আসামিকে আদালতে হাজির করা হয়।
পরে শুনানি শেষে আদালতের নির্দেশে আবারও তাদের কারাগারে পাঠানো হয়। এদিকে র্যাবের সাবেক সিও তারেক সাঈদের পক্ষে তার আইনজীবী সারোয়ার মিয়া জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে।
একই সাথে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৫ জন হত্যার ঘটনায় দায়ের করা মামলাটির পরবর্তী শুনানি ৩০ নভেম্বর ধার্য করা হয়েছে।





















