আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে (ডিআরইউ) পিইসি ও জেএসসি-২০১৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসেও অনুষ্ঠানস্থল ছেড়ে চলে গেলেন ।
জানা গেছে সাইফুর’স কোচিং সেন্টার ওই অনুষ্ঠান স্পন্সর করায় তারা অনুষ্ঠান বর্জন করেছেন।
শুক্রবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত হন। তবে কিছুক্ষণের মধ্যেই তারা অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান।
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানস্থলে এসেও কেন ফিরে গেলেন এমন প্রশ্নের উত্তরে জানান, ‘ ‘একটি মৌলবাদী সংগঠনের সঙ্গে সাইফুর’স-এর সংশ্লিষ্টতা আছে। তাহলে ওই অনুষ্ঠানে আমি কিভাবে থাকি?’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকি বলেন, ‘আমরা কোচিং বাণিজ্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার। তাই যে অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় সাইফুর’স-এর মতো বাণিজ্যিক প্রতিষ্ঠান সেখানে আমার বিশেষ অতিথি হিসেবে থাকার প্রশ্নই ওঠে না।’
তিনি আরও বলেন, ‘আজ বেলা ১১টার দিকে একটি সংবাদ সম্মেলন ছিল আমার। সেটা বাতিল করে আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটির অনুষ্ঠানে যাই। কিন্তু আমাকে যদি আগে বলা হতো- ওই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক সাইফুর’স, তাহলে আমি সেখানে থাকতাম না। আমি অনুষ্ঠানটি আগেই বাতিল করতাম।’
























