বঙ্গবন্ধুর ছবি বিকৃতি করে ফেস্টুন টানানোর অভিযোগে চট্টগ্রামে সরকার দলীয় সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনসহ আরো দুটি মামলা করা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে মামলা দুটি করার পর আদালত মামলা আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন।
একটি মামলার বাদী হয়েছেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন আহমেদ রবি। তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় তিনি মামলাটি করেন। অন্য মামলার বাদী হলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম বেলায়েত হোসেন। তিনি রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা করেন।
৫৭ ধারার মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী জানান, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছেন। পরে এ ব্যাপারে আদেশ দেবেন বলে আদালত জানিয়েছেন।
রাষ্ট্রদ্রোহ মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রনি কুমার দে বলেন, বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অপরাধে এম এ লতিফের বিরুদ্ধে ১২৪/এ ধারায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছেন। পরে এ ব্যাপারে আদেশ দেবেন বলে আদালত জানিয়েছেন।
বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অপরাধে এর আগেও লতিফের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।
অভিযোগ উঠেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর উপলক্ষে নগরীর আগ্রাবাদ বন্দর এলাকায় এমএ লতিফ বেশ কয়েকটি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ও বিলবোর্ড লাগান। এসব বিলবোর্ডে লতিফ তার কাবুলিওয়ালা পাঞ্জাবি পরিহিত ছবি এডিট করে বঙ্গবন্ধুর চেহারা লাগিয়ে দেন।
গত মঙ্গলবার এ নিয়ে দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে লতিফের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন।






















