বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের জন্য আইপিএলে ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন ক্রিকেটার লিটন দাস। বিষয়টি ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে সাধারণ ভক্তসহ সবাই জানেন। তবে লিটনের আইপিএল ছাড়া নিয়ে একটি গণমাধ্যম অন্যরকম খবর প্রকাশ করে। তাতে ক্ষোভ প্রকাশ করেন লিটন।
শনিবার (৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ছবি শেয়ার করে কিছু কথা লেখা হয়। যেখানে দেখা যাচ্ছে, ‘মেডিকেল ইমার্জেন্সি নয় বউয়ের টানে আইপিএল ছেড়েছিলেন লিটন!!!’ উল্ল্যেখ করে ‘খেলাযোগ’ একটি প্রতিবেদন করেছে।
বিষয়টি নিয়ে লিটনের ফেসবুক আইডি থেকে লেখা হয়েছে, প্রিয় সাংবাদিক, আপনাদের ওপর পূর্ণ সম্মান রেখেই বলতেছি, আপনারা দয়া করে কোনো কিছু নিশ্চিত না হয়ে শুধু কল্পনার জগতে বাস করে নিউজ করবেন না। এই খবরটি পুরোপুরি বানোয়াট! মানুষের ব্যক্তিগত জীবনকে সামান্য কিছু টিআরপির জন্য সবার সামনে হাস্যকরভাবে তুলে ধরবেন না। দিন শেষে আপনারা হলুদ সাংবাদিকতা থেকে দয়া করে দূরে থাকুন এবং সুস্থ মন-মানসিকতার হয়ে সুন্দর এবং সত্য খবর মানুষের সামনে তুলে ধরুন।
লিটনের ফেসবুক পেজ থেকে এমন বার্তার পরে অনেক ক্রীড়া সাংবাদিক খেলাযোগের প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একজন লিখেছেন, ‘অবশ্য ইদানীং যা হচ্ছে, ‘খবর’ বা ‘সাংবাদিকতা’ নামক ব্যাপারগুলোকে যেভাবে ইচ্ছেমতো ধোলাই করা হচ্ছে, ‘পাবলিক খায়’ এই কারণ দেখিয়ে দায়িত্ববোধকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে, সেখানে লিটনের এই ঘটনা আসলে খুব বিস্ময়কর কিছু নয়। আরও ভয়ঙ্কর কত কিছু তো হরহামেশাই দেখছি…’
প্রতিবেদনের বিষয়ে খেলাযোগ ফেসবুক পেজ থেকে বলা হয়, ‘৬ মে খেলাযোগ পেইজে আপলোড হওয়া একটি প্রতিবেদনের পর ভুল বোঝেন লিটন। যে খবরটি প্রচারিত হয় সেটি ভারতের গণমাধ্যম ‘এই সময়’ এর বরাতে নেয়া। বিষয়টি প্রতিবেদনে স্পষ্ট করে বলা আছে। ‘এই সময়’ এর প্রকাশক বেনেট কোলম্যান অ্যান্ড কোম্পানি লিমিটেড, যে সংস্থা ভারতের প্রতিষ্ঠিত ইংরেজি দৈনিক ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ প্রকাশ করে। খেলাযোগ এই উৎস থেকেই খবরটি সংগ্রহ করে। যা সত্য নয় বলে দাবি করেছেন লিটন দাস। আমাদের নজরে আসার সাথে সাথেই খবরটি আমরা সরিয়ে নিয়েছি।’
























