চট্টগ্রাম নগরীর কোতয়ালি থানার হাজারি গলিতে স্বর্ণের অলংকার তৈরির কারখানায় নয়ন ধর (১৫) নামে এক কিশোর শ্রমিক আত্মহত্যা করেছে।
রোববার (১ মে) ভোর ৫টার দিকে হাজারি গলির খালেক মার্কেটে এ ঘটনা ঘটেছে।
নয়ন ধর রামু উপজেলার জনৈক ব্রজেন্দ্র ধরের একমাত্র ছেলে। খালেক মার্কেটের দোতলায় বাবুল মন্ডলের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত নয়ন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারি জানান, কারখানায় দুই শিফটে কাজ হয়। শনিবার রাতের শিফটে কাজ করেছিল নয়ন।
ভোরে কাজ শেষে রাতের পালার শ্রমিকদের জন্য দোকান থেকে নাস্তা এনে দেয় নয়ন। নাস্তা খেয়ে শ্রমিকরা কারখানার ভেতরেই ঘুমিয়ে পড়েন।
এরপর নয়ন তিনতলায় টয়লেটে যায়। তিনতলার বারান্দা থেকে নয়ন লাফিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় পথচারীদের চিৎকার-চেঁচামেচিতে বাবুল মন্ডলের কারখানার শ্রমিকরা দ্রুত নিচে নেমে রক্তাক্ত অবস্থায় নয়নকে দেখতে পায়।
আহত নয়নকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ভোর ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত এএসআই পংকজ বড়ুয়া।
কাউন্সিলর জহরলাল হাজারি বলেন, টয়লেটে যাবার জন্য তিনতলায় উঠে নয়ন কারখানার এসিড পান করে। এসময় তার শরীরেও এসিড পড়ে। যন্ত্রণাকাতর হয়ে সে তিনতলা থেকে নিচে লাফ দিয়েছে বলে আমরা জানতে পেরেছি।
নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন এএসআই পংকজ বড়ুয়া।
























