শেরপুরে দুই হাজার বিমান বিধ্বংসী গোলাসহ ৩৯ হাজার পিস গুলি উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল বুরুঙ্গা কালাপানি মাটির নিচ থেকে ২ হাজার বিমান বিধ্বংসী গোলাসহ ৩৯ হাজার পিস গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। সোমবার দুপুরে র‌্যাব-৫ এর একটি দল এ অভিযান চালায়। শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, সোমবার ভোর ৪টা থেকে র‌্যাব-৫ নালিতাবাড়ির ১নং পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্কের অদূরে ভারত সীমান্তবর্তী বুরুঙ্গা কালাপানি এলাকায় এ অভিযান চালায়। অভিযানে র‌্যাব-৫ এর অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল মাহবুব আলম এর নেতৃত্ব দেন। অভিযানে ২ হাজার বিমান বিধ্বংসী কামানের গোলা, ২২ হাজার মেশিনগানের গুলি, ১৭ হাজার পিস শর্টগানের গুলি ও সেনাবাহিনীর ব্যবহৃত বেশ কয়েকটি ওয়াকিটকি উদ্ধার করে র‌্যাব।

আরো জানা যায়, সবগুলো অস্ত্রই প্যাটেক ভর্তি মাটির নিচে ছিল। এছাড়া উদ্ধারকৃত এসব অস্ত্রগুলো সাধারণত সামরিক বাহিনীর ব্যবহার করে থাকে।

উল্লেখ্য, এর আগে শেরপুরের আরেক উপজেলা ঝিনাইগাতিতে ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৫০ হাজার গুলি, রকেট, মাইন ও বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া ২০১২ সালে নালিতাবাড়ির এক গ্রাম থেকে উদ্ধার করা হয় একে-৪৭ রাইফেল ও গুলি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ