বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করেছে গ্লোবাল মোবিলিটি কোম্পানি ইসিএ ইন্টারন্যাশনাল। প্রতি বছরই এটি বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করে। চলতি বছরেও তালিকায় শীর্ষে রয়েছে হংকং।
এ তালিকা করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়েছে কোম্পানিটি। এর মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন- দুধ, রান্নার তেল, ভাড়া, ইউটিলিটিস, গণপরিবহনের গড় ব্যয়। তাছাড়া স্থানীয় মুদ্রার অবস্থানও বিবেচনায় নেওয়া হয়েছে।
ইসিএ ইনডেক্সে তৃতীয়বারের মতো শীর্ষ স্থানে রয়েছে হংকং। ইনডেক্সটিতে মূলত প্রবাসী বা বিদেশীকর্মীদের জীবনযাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তালিকায় এশিয়াকে ব্যয়বহুল মহাদেশ হিসেবে দেখানো হয়েছে। কারণ এখান থেকে পাঁচটি শহর শীর্ষ দশের মধ্যে রয়েছে। এর মধ্যে রয়েছে হংকং, টোকিও, সাংহাই, গুয়াংজু ও সিউল। কিছু বিষয়ের কারণে মধ্যপ্রাচ্যকেও এশিয়ার মধ্যে ধরা হয়। ইসরায়েলের শহর তেল আবিব ষষ্ঠ স্থানে রয়েছে। সে হিসেবে এশিয়ায় মোট ছয়টি শহর শীর্ষ দশের মধ্যে রয়েছে।
এশিয়ায় সবচেয়ে বড় চমক দেখিয়েছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। শহরটি ১৬২ থেকে ২৩তমতে উঠে এসেছে। যদিও দেশটিতে তীব্র অর্থ নৈতিক সংকট চলছে।
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলো হলো যথাক্রমে হংকং, নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র), জেনেভা (সুইজারল্যান্ড), লন্ডন (যুক্তরাজ্য), টোকিও (জাপান), তেল আবিব (ইসরায়েল), জুরিখ (সুইজারল্যান্ড), সাংহাই (চীন), গুয়াংঝু (চীন) ও সিউল (দক্ষিণ কোরিয়া)।
























