শীর্ষ চোরাচালানী আলফা ও আলিমের শুনানী আজ

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত সাতক্ষীরার দুই শীর্ষ চোরাচালানী আল ফেরদাউস আলফা ও তার ভাই আব্দুল আলিমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানীর নির্ধারিত ধার্য দিন আজ।

গত সোমবার ৬ জানুয়ারি মামলাটির তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আল ফেরদাউস আলফা ও আব্দুল আলিম সহ আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হলে বিচারক মোঃ রেজওয়ানুজ্জামান রিমান্ড আবেদন শুনানীর দিন ধার্য্য করেন।

এর আগে জেলার দুই শীর্ষ চোরাকারবারী আল ফেরদাউস আলফা ও তার ভাই আব্দুল আলিমকে গত ৩১ ডিসেম্বর গ্রেফতারের পর আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ। এই দুই চোরাকারবারীসহ কয়েকজনের বিরুদ্ধে গত ৩০ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র হাবিলদার মোঃ মোহসীন বাদী হয়ে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্টস এর ২৫ বি (১) (বি)/২৫ডি ধারায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৫৮। আল ফেরদাউস আলফা ও আব্দুল আলিম দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে।

সাতক্ষীরা চোরাচালান সিন্ডিকেটের শীর্ষ গডফাদার হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রনালয় সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকা ভুক্ত আল ফেরদাউস আলফার নাম উল্লেখযোগ্য । পাশাপাশি হুন্ডি ব্যবসায়ী, চোরাকারবারী, মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী হিসেবে এসকল সংস্থার বিভিন্ন সময়ে প্রকাশিত তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে তার নাম।

তাছাড়া জেলাব্যাপী জামায়াতের অন্যতম অর্থ যোগানদাতা ও পৃষ্টপোষক হিসেবেও পরিচিত রয়েছেন তিনি । ইতোপূর্বে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত হয়ে জেলে গেলেও মহামান্য হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে এসে আলফা আবারো চোরাচালানের রামরাজত্ব কায়েম শুরু করে।

অপকর্মের আড়ালে প্রশাসনের ধরাছোয়ার বাইরে থাকতে উপজেলা ও জেলা পর্যায়ের ক্ষমতাসীন সরকার দলীয় কিছু নেতার সাথে সখ্যতা গড়ে তুলে বনে যান জেলা পরিষদের সদস্য।

এছাড়া, আলফার সহোদর আব্দুল আলিম দেবহাটা উপজেলার কোমরপুর, ভাতশালা, পদ্মশাখরা ও হাড়দ্দাহ সহ তৎসংলগ্ন বিস্তৃর্ন সীমান্ত এলাকার যাবতীয় চোরাচালানের মুল হোতা। সে সীমান্ত এলাকার কথিত মুকুটহীন সম্রাট হিসেবেও পরিচিত। তার ভয়ে সবসময় তটস্থ থাকতো সীমান্ত এলাকার সাধারন মানুষ।

যারা তাদের বিরুদ্ধে অবস্থান নিতো বা প্রশাসনকে চোরাচালানের তথ্য দিতো তাদের ওপর প্রকাশ্যে হামলা সহ নির্মম নির্যাতন চালানো হতো বলে ভুক্তভোগী সূত্রে প্রকাশ।

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা, সংবাদদাতা।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ