‘শিগগিরই বর্তমান অনির্বাচিত সরকারকে পদত্যাগ করতে হবে’

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, ‘শিগগিরই বর্তমান অনির্বাচিত সরকারকে পদত্যাগ করতে হবে।’ ‘বর্তমান সরকার পদত্যাগ না করলে শিগগিরই  বাংলাদেশের অবস্থা কাশ্মির, ইরাক, আফগানিস্তান ও সিরিয়ার মত হবে।’ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘কাশ্মিরে জাতিসংঘের ভূমিকা ও দক্ষিণ এশিয়ায় শান্তির চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে তিনি বলেন, বেগম জিয়া রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলেননি। সরকারের কিছু গৃহপালিত গণমাধ্যম খালেদা জিয়াকে রাষ্ট্রদ্রোহী হিসাবে চিহ্নিত করার ষড়যন্ত্র করছে।

সাম্প্রতিক সময়ে পুলিশের কর্মকাণ্ডের সমালোচনা করে হাফিজ উদ্দিন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পুলিশ সব সময় ভালো কাজ করছে। এ ধরনের ঢালাও মন্তব্যে পুলিশ আরও বেপরোয়া হয়ে উঠেছে। আওয়ামী লীগের লোকও হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন।
বাংলাদেশে গণতন্ত্র নেই, পুলিশ আওয়ামী লীগ সরকারকে সহায়তা দিয়ে যাচ্ছে। পুলিশ এখন দেশের রাজা বলে ঘোষণা দিয়েছে। সরকার বেপরোয়া। 

দক্ষিণ এশিয়ায় শান্তি না থাকলে বিশ্ব শান্তির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মন্তব্য করে মেজর হাফিজ বলেন, যেখানে জনগণ নিষ্পেষিত হয়, সেখানে জনগণের দীর্ঘ শান্তি হয় না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, দেশকে ধ্বংস করবেন না। আপনি বঙ্গবন্ধুর কন্যা। তাই দেশকে বিকশিত হতে দেন। চয়েজটা জনগণকে দিন। তাহলে আপনি আবারো ক্ষমতায় আসতে পারেন।

আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ