শিক্ষা খাতে অনলাইনে দরপত্র আহ্বানের জন্য ই-টেন্ডারের যাত্রা শুরু হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখন থেকে অবকাঠামো নির্মাণসহ সব দরপত্র অনলাইনে আহ্বান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ রবিবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে অধিদপ্তরের ই-টেন্ডার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ই-টেন্ডার প্রচলনের মাধ্যমে প্রচলিত টেন্ডারের সঙ্গে জড়িত সব ঝক্কি-ঝামেলা দূর হলো। এখন কোনো ধরনের বাধাবিপত্তি আর চাপ ছাড়াই দরপত্র আহ্বান প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।এতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাজের মান আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে ই-টেন্ডারের উদ্বোধন উপলক্ষে ঢাকার ধানমন্ডিতে ছায়ানট ট্রাস্ট পরিচালিত নালন্দা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে অনলাইনে দরপত্র আহ্বান করেন।
অনুষ্ঠানে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা বক্তব্য দেন।
























