গত শনিবার মিশরের সিনাই উপদ্বীপে অবকাশযাপন কেন্দ্র শারম উশ-শেইখ থেকে রুশ বিমান পরিবহন সংস্থা কোগালিমাভিয়া এয়ারলাইনের একটি যাত্রীবাহী বিমান আকাশে ওড়ার কিছুক্ষণ পর সিনাই উপদ্বীপে বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটির ২২৪ আরোহীর সবারই মর্মান্তিক মৃত্যু হয়। দুর্ঘটনার পর এয়ারলাইনটির নাম পরিবর্তন করে মেট্রোজেট রাখা হয়েছে।
ঐ বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে আমেরিকার হাত রয়েছে বলে দাবি করেছেন এক মার্কিন গবেষক। আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং গবেষক জেমস হেনরি ফেটজার এ দাবি করেছেন। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
জেমস হেনরি ফেটজার বলেন, মার্কিন অত্যাধুনিক ড্রোন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে হয়ত বিধ্বস্ত হয়েছে কোগালিমাভিয়া এয়ারলাইনের এয়ারবাস ৩২১ বিমানটি। তিনি ধারণা করেন, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল মার্কিন ড্রোন। তিনি জানান, ড্রোন এখন ৪৫,০০০ ফুট উপর দিয়ে উড়তে পারে। এ ছাড়া, শুধু ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে নয় বরং মধ্য আকাশে যাত্রীবাহী বিমানটি সঙ্গে ড্রোনের সংঘর্ষ ঘটানোও হতে পারে মনে করেন তিনি।
ভের্টানস ট্রুথ নেটওয়ার্কের অন্যতম সাংবাদিক ফেটজার জানান, মিশরে ড্রোন ঘাঁটি করতে দেয়ার বিনিময়ে আমেরিকা সম্প্রতি কায়রোর কাছে জাহাজ বিক্রি করেছে এবং দেশটিকে অর্থ দিয়েছে।
তিনি বলেন, বিমান থেকে কোনো জরুরি বার্তা পাঠানো হয় নি। তারপরও হঠাৎ করে এটি দ্রুত উচ্চতা হারাতে থাকে যা সন্দেহজনক। এ সাথে পাওয়া অন্যান্য তথ্য থেকে মনে হয়, যাত্রীবাহী বিমানকে হয়ত বোমা মেরে উড়িয়ে দেয়া হয়েছে।
এ ছাড়া দায়েশের সঙ্গে জড়িত একটি গোষ্ঠী বিমানকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভূপাতিত করার যে দাবি করেছে তা নিয়েও কথা বলেন এ গবেষক। তিনি মনে করেন ভূমি থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র বিমানকে আঘাত করতে পারে। অবশ্য তিনি জানান, ৩০,০০০ ফুট উচ্চতা দিয়ে উড়ে যাওয়া বিমানকে আঘাত করার জন্য খুবই অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন।
২০১২ সালের ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে মার্কিন কূটনৈতিক চত্বরে হামলার সময় এ ধরনের ক্ষেপণাস্ত্র হাতিয়ে নেয়া হয়ে থাকতে পারে বলে মনে করেন এ গবেষক। হামলার সময় বেনগাজির ওই চত্বরে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র ৩৫ কর্মী তৎপর ছিল বলে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন জানিয়েছিল। কিন্তু হামলায় তাদের কয়জন হতাহত হয়েছে তা কখনোই উল্লেখ করা হয় নি বলে জানান জেমস হেনরি ফেটজার।
তিনি বলেন, সিরিয়ায় সন্ত্রাসীদের সরবরাহ করার জন্য সেখানে ক্ষেপণাস্ত্র জড়ো করা হয়েছিল। লিবিয়ার মার্কিন রাষ্ট্রদূত চিরিস স্টিভেন্ট এ সব ক্ষেপণাস্ত্র উদ্ধারের বিষয়ে উদ্বিগ্ন ছিলেন বলেও জানান তিনি।
























