মুশফিক হোসাইন
চট্টগ্রামের প্রাচীন এলাকা পাথরঘাটা। এ এলাকায় শহরের অধিকাংশ খ্রিস্টান ধর্মাবলম্বীদের বসবাস। সেখানে ক্যাথলিক অনুসারীদের একটি প্রধান গীর্জার অবস্থান। সম্ভবত সতেরশ শতাব্দীতে তার গোড়াপত্তন। পাথরঘাটার আশপাশ এলাকা যেমন বান্ডেল রোড, ফিরিঙ্গী বাজার ইত্যাদি আবাসিক এলাকায় একসময় খ্রিস্টান অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত ছিলো। তাই পাথরঘাটায় গড়ে ওঠে সেন্ট প্লাসিড স্কুল, সেন্ট স্কলাসটিকা স্কুল, ক্যাথলিক ক্লাব ইত্যাদি প্রতিষ্ঠান। গীর্জাসংলগ্ন গড়ে উঠে একটি সমাধিভূমি। সেন্ট প্লাসিড স্কুল লাগোয়া সমাধির পশ্চিম উত্তর কোণায় একটি গাছ। দীর্ঘ পঞ্চাশ বছর ধরে দেখে আসছি। সারি সারি বাঁধানো সমাধির ফাঁকে ফাঁকে দুর্বাঘাস আর বুনো ফুলে ছাওয়া থাকে মৃতদের ঘরবাড়ি। মৃত মানুষের শোকে ঐ গাছ থেকে ঝরে পড়ে- ফুলেরা। সেপ্টেম্বর থেকে জানুয়ারি অবধি ঐ গাছে ফুল দেখা যায়। ঐ ফুলটির নাম রুদ্র পলাশ।
আফ্রিকান এই ফুলটিকে আদর করে কবি গুরু নাম দিয়েছেন রুদ্র পলাশ। ইংরেজিতে আফ্রিকান টিউলিপ। বৈজ্ঞানিক নাম SPALHODEA CANTPANULATE. এরা BIGONONIACEAE পরিবারভুক্ত। বাংলাদেশে প্রথম কবে এসেছে তার তথ্য নেই। ধারণা করা হয়, খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাধ্যমে এদেশে এরা এসেছে। সম্ভবতঃ প্রথমে ভারতে পরে বাংলাদেশে তার আগমন ঘটে। চট্টগ্রামের দেয়াঙে অবস্থিত মরিয়ম আশ্রমে প্রথমে এ গাছটি আসে বলে ধারণা।
জানা যায়, ফাদার জোসেফ পাথরঘাটার গাছটি দেয়াঙ এর মরিয়ম আশ্রম থেকে এনে লাগান। আমার দেখা গাছগুলোর মধ্যে পাথরঘাটার এই গাছটি ছাড়াও দেয়াঙ (জুলধার) মরিয়ম আশ্রমে একটি, সিলেটের রায় নগরের বসতবাড়িতে একটি, সিলেট এয়ারপোর্ট রোডের চা বাগানে একটি, রমনা ও বলধা উদ্যানে একটি করে এবং ধানমনণ্ডির ভাষাসৈনিক মোহাম্মদ তোয়াহা সড়কে একটি। প্রয়াত অধ্যাপক কে এম নুরুল হুদার তথ্য থেকে জানা যায় (২০০০ সালের তথ্য) মীরপুর বোটানিক্যাল গার্ডেনে আটটি এবং চট্টগ্রামের আর অধ্যাপক দেখেছেন লালমাটিয়ায় একটি রুদ্র পলাশ দেখার কথা জানান।
পাথরঘাটার রুদ্র পলাশ গাছটিতে এবার তড়িঘড়ি ফুল এসে গেল। চলতি বছরের আগস্টে গাছটির ফুল আসে। ধারণা করা হচ্ছে এ বছর বর্ষা বিলম্বিত হওয়ার কারণে অথবা জলবায়ু পরিবর্তনের ফলে ফুল তাড়াতাড়ি এসে যায়। হুদার তথ্য থেকে জানা যায় চট্টগ্রামের গাছগুলোতে সাধারণত অক্টোবর থেকে ফুল এসে থাকে। পাথরঘাটার গাছটি ফুল দেখার পর চিটাগং বী সোসাইটি কর্তৃক প্রকাশিত নুরুল হুদা রচনাবলী ও স্মারকগ্রন্থের বর্ণনা অনুযায়ী তার বর্ণিত গাছগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণে যাই। প্রথমতঃ নাসিরাবাদ হাউজিং সোসাইটির ১নং সড়কস্থ গাছটি দেখতে গিয়ে দারুণভাবে হতাশ হলাম। ইতিপূর্বে হুদা জীবিত থাকাকালে আমি হুদা ড. ক্বামারবানুসহ কয়েক বছর গাছ ও তার ফুল পর্যবেক্ষণ করি। সেখানে এখন বহুতল ভবন তৈরি হয়েছে। রুদ্র পলাশসহ ঐ বাগানের অন্যান্য সকল গাছের বদলে গড়ে উঠেছে ইট পাথরের জঙ্গল। অতপর প্রবর্তক সংঘের চূড়ায় উঠে গেলাম। প্রবর্তকের বাগান পরিচর্যাকারী এবং শিক্ষকসহ ঐ গাছটিতে দেখেছি অনেকবার। মাঝে চট্টগ্রামের বাইরে থাকার কারণে আর যাওয়া হয় নি। প্রায় ১৫ বছর পর গিয়ে দেখি পাহাড়ের চূড়ায় নির্মিত হচ্ছে সনাতন ধর্মীদের মন্দির। গাছটির নাম নিশানাও নেই। দিলীপ বাবুও নেই। তিনি ভারতে চলে গেছেন। তৃতীয় গাছটি দেখার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ বীর উত্তম শাহ আলম মিলনায়তনের কাছে গিয়ে দেখি, সেখানে নির্মিত হয়েছে মর্গ। বিষণ্ণ মনে শেষমেশ চলে এলাম মেডিকেল কলেজ হোস্টেলের পেছনে জয়নগর আবাসিক এলাকায়। জয়নগরের সারি সারি বহুতল ভবনের ফাঁকে কোথাও খুঁজে পেলাম না রুদ্র পলাশকে। অত্যন্ত হতাশ হয়ে ফিরে আসি পাথরঘাটার গাছটিকে আবার দেখার জন্য। বর্তমানে চট্টগ্রাম শহরে এই গাছটি একমাত্র জীবিত গাছ।
রুদ্র পলাশ সাধারণত ২০ থেকে ১২৫ মিটার লম্বা হয়ে থাকে। চিরসবুজ বৃক্ষ। সবুজ পাতার ডালে ডালে থোকায় থোকায় গাঢ় লাল রঙের ফুল ফোটে। ফুলের উজ্বলতা আমাদের ফুল না দেখা চোখকে লহমায় আকর্ষণ করে। ফুলের ভেতরের অংশ লালচে সোনালি। পাপড়ির চারপাশে হলুদ রঙের বর্ডার। কলসীর মতো ফুলটিতে মধুময় পানি জমে। পুঃদ- রোমশ। পরাগমনি দুটি। ফুলের বোঁটা বাঘের নখের মতো বাঁকানো এবং গাঢ় সবুজ। চট্টগ্রামের এই গাছটিকে মাদার ট্রি ( মাতৃগাছ) হিসাবে চিহ্নিত ও ঘোষণা করা যেতে পারে। এ গাছ থেকে চারা উৎপাদন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিতে পারেন। সারা দেশের রোড ডিভাইডারসহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই গাছটি ছড়িয়ে দিলে আমাদের প্রকৃতি সত্যি নান্দনিক হয়ে উঠবে। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে, আমাদের দেশে অপ্রয়োজনীয় ও ফুলহীন গাছ লাগানো হয়। দেশীয় বা বুনো বৃক্ষতো লাগানোই হয় না। ফলে ফুলের নান্দনিকতা এবং পাখিদের কলকাকলি থেকে আমরা বঞ্চিত। অথচ বিশ্ব ব্যাংকের যে প্রকল্পের মাধ্যমে ৬০ এর দশকে বিদেশি গাছসমূহ সরবরাহের যে শর্ত ছিলো, তাতে উল্লেখ ছিলো, বিদেশি গাছের ফাঁকে ফাঁকে দেশীয় প্রজাতির গাছ লাগাতে হবে। কি অজানা কারণে আমাদের বন বিভাগ পরিবেশ ধ্বংসকারী গাছগুলো সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। কিন্তু দেশীয় গাছসমূহ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়নি।
রুদ্র পলাশের আদি নিবাস আফ্রিকা হলেও বাংলার মাটিতে এরা ভালোভাবে মানিয়েছে। সাধারণ শীতের শুরুতে এদের ফুল আসে বাংলাদেশে। এর হলুদ রঙের একটি প্রজাতি আছে। আমার চোখে পড়ে নি। এদের ফুলে মধুলোভি কীটপতঙ্গ চোখে পড়েনি, গাছের উচ্চতার কারণে। দূর থেকে গাঢ় সবুজ পাতার ফাঁকে ফাঁকে রুদ্র পলাশ দেখতে ভারি সুন্দর ও মনোমুগ্ধকর। আমাদের সাহিত্যে রুদ্র পলাশ আজো স্থান করে নিতে পারেনি দু একটি কবিতা ছাড়া। উদাহরণত : ‘সেদিন দুজনে/মৃত মানুষদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম।/পায়ে হেঁটে হেঁটে ধুলিবালি মেখে/গ্রেভ ইয়ার্ডের শেষ প্রান্তে যখন পৌঁছলাম/আমাদের মাথার উপর তখন সত্যিসত্যি রুদ্রপলাশ/আমাদের পায়ের গোড়ালি ছুঁয়ে বুনোফুল দূর্বাঘাস আর/কিছুদূরে শুয়েছিলো মৃত মানুষের মতো কিছু ফুল কিছু পাতা;/সেইসব ফুল ঘিরে সন্ধ্যার অন্ধকার দানা বেঁধে উঠতে থাকে,/ টানা আর্তনাদ শুরু করে দেয় ঝিঁ ঝিঁ পোকারা/পলাশের একটি ডাল মানুষের হাতের মতন নেমে আসতে চেয়েছিল।”
লেখক- কবি ও প্রকৃতি গবেষক























