রাষ্ট্রদ্রোহ মামলায় খালেদা জিয়া যা যা করার তাই করবেন

মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে মন্তব্যের জেরে খালেদা জিয়ার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে এ ব্যাপারে তাঁর যা যা করার তাই করবেন বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি সিনিয়র আইনজীবী ও খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগতভাবে যা যা করা দরকার তা তিনি করবেন। তারাই (সরকার) এটি নিয়ে রাজনীতি করছে। এ মামলায় রাষ্ট্রদ্রোহের উপাদান নেই।

আজ বুধবার সুপ্রিমকোর্ট বারের সভাপতির কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব মন্তব্য করেন। খন্দকার মাহবুব বলেন, খালেদার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। খালেদা সমন গ্রহন করেননি কিন্তুএ বিষয়ে জ্ঞাত আছেন।

তাই রাষ্ট্রদ্রোহ মামলা মোকাবেলা করার জন্য যত ধরনের আইনি পদক্ষেপ রয়েছে তা গ্রহণ করা হবে।   

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, আদালতের সমন দেয়ার উদ্দেশ্য তার বিরুদ্ধে মামলা হয়েছে তা অবগত করা। সমন যে ঝুলিয়ে জারি করা হয়েছে এ বিধান কি আছে ? কেউ এটি গ্রহণ করতে না চাইলে আটকে দেয়ার বিধান আছে বলে প্রশ্ন তোলেন মাহবুব। 

এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় আগামী ৩ মার্চে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন ঢাকার (সিএমএম কোর্ট) আদালত।

এদিকে মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক সংখ্যা নিয়ে কটূক্তি করায় গত ২৫ জানুয়ারি সোমবার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন সুপ্রিকোর্টের আইনজীবী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আইনজীবী ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদারের আদালত বিষয়টির ওপর শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

শুনানিতে বাদিপক্ষ খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান। বাদিপক্ষে আদালতে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুনসহ আরো অন্যান্যরা।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ