আজিনুর রহমান আজিম, লালমনিরহাট প্রতিনিধি:
নির্মানাধীন বিদ্যালয় ভবন লাগোয়া গাছের ডাল কেটে দেয়াকে কেন্দ্র যুবলীগ নেতার পিটুনিতে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার রসুলপুর আবদাল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৭ ছাত্র আহতের আভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রসুলপুর আবদাল হোসেন উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন সংলগ্ন বাসিন্দা আমিনা বেওয়ার একটি ইউকালেক্টাস গাছের ডাল কেটে ফেলে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে প্রধান শিক্ষক ও আমিনা বেওয়ার মধ্যে বাক বিতন্ডা হয়। এসময় বাউরা ইউনিয়ন যুবলীগ নেতা সুশীল কুমার সেন(৪০) ঘটনাস্থলে প্রধান শিক্ষকের সাথে তর্কে জড়ান ও একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। ছাত্র- ছাত্রীরা বিষয় জানতে পেরে ক্ষুদ্ধ হয়ে সুশীল কুমার সেনের বিচার দাবী করে প্রতিবাদ মিছিল নিয়ে স্কুলের অদূরে সফিরহাট বাজারে গেলে সেখানে সুশীল কুমার সেনসহ ভুট্টু, মানিক, পলাশ, রঞ্জিত নামে কতিপয় যুবক প্রধান শিক্ষক ও ছাত্রদের মারধর করে। এ ঘটনায় প্রধান শিক্ষক দুলাল হোসেন (৫০), বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিয়াদ, সপ্তম শ্রেণির মামুন, দশম শ্রেণির সোহেল, পুলক, নবম শ্রেণির আতিকুর, হাফিজুর, মিলন আহত হয়। তাদেরকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিক শামসুল হক জানান, ‘নির্মাণাধীন বিদ্যালয় ভবনের উপরে পড়া একটি গাছের ডাল ছাত্ররা কাটতে গেলে ওই নেতা সুশীল কুমার সেন অতর্কিতভাবে প্রধান শিক্ষক ও ছাত্রদের উপর চড়াও হয় এবং মারপীট করে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ দুলাল জানান, ‘এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ ব্যাপারে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জানি। এ ব্যাপারে অভিযোগ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
























