দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৫ই মে সারা দেশে ও জেলায় এবং ১৬ই মে ঢাকা মহানগরে বিক্ষোভ করবে দলটি।
আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে সে সম্পর্কে তিনি অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী এবং যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
উল্লেখ্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানার দুই মামলায় পৃথক দুটি অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে আজ শুক্রবার (১৩ মে’২০১৬) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। গতকাল বৃহস্পতিবার দুপুরে যুবদলের দপ্তর সম্পাদক কাজী রফিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে সারা দেশের জেলা, উপজেলা ও মহানগরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
প্রসঙ্গত, ঢাকার সিএমএম আদালতে গতকাল বুধবার দারুস সালাম থানায় দায়ের করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিনূর রহমান ভাঙচুর, পুলিশের কাজে বাধা, ড্রাইভারকে হত্যা প্রচেষ্টা, গাড়িতে অগ্নিসংযোগের মামলায় বেগম খালেদা জিয়াসহ ২৭ জনের বিরুদ্ধে সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।
অন্য দিকে দারুস সালাম থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বেগম খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।
দুই মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপি নেতা আমানুল্লাহ আমান, মারুফ কামাল খান, মীর সরাফাত আলী সফু, হাবিব-উন-নবী খান সোহেল ও সৈয়দা আশরাফি আশিফা পাপিয়াসহ ২৭ জন। মামলা দু’টির মধ্যে দারুস সালাম থানার ৪(৩)১৫ দণ্ডবিধির মামলায় খালেদা জিয়াসহ ২৭ জন আসামি এবং ৮ (২)১৫ বিশেষমতা আইনের মামলায় খালেদা জিয়াসহ ২৪ জনকে আসামি করা হয়েছে।
দারুস সালাম গাবতলী বাস টার্মিনাল পূর্ব দক্ষিণ কোণে বাইপাস রাস্তায় ২০১৫ সালের ৩ মার্চ যাত্রীবাহী বাসে পেট্রলবোমা মেরে গাড়িতে আগুন দেয়া ও উপস্থিত পুলিশের কর্তব্য কাজে বাধা ও ভাঙচুর করার অভিযোগ করা হয়। এ ঘটনায় এসআই শাহআলম বাদি হয়ে দারুস সালাম থানায় মামলা করেন।
অন্য দিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বলা হয়েছে, গত বছরের ৪ ফেব্রুয়ারি রাতে শাহআলী বাজারের পাশে বালুর মাঠে পূর্ব দক্ষিণ কোণে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনায় এসআই মনির হোসেন বাদি হয়ে দারুস সালাম থানায় মামলা করেন।
























