১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যাদের দল করা দরকার তারা করুক, আমি মানুষের পেছনে আছি: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘এত ছোট্ট দেশে কিসের দলমত। যাদের দল করা দরকার তারা করুক। আমি আছি মানুষের পেছনে। সেখানে আমার কাছে হিন্দু-মুসলমানও নেই, বৌদ্ধ-খ্রিস্টানও নেই। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ সবার। এখানে আমার দলমত কিছুই নেই।’

রোববার (১৯ জানুয়ারি) রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলা কেন্দ্রীয় শ্মশান মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি ছেলে বেলায় খেলাপড়া করতাম না, কিন্তু এখন আমি লেখাপড়া করি। আমি খেলাপড়া করে দেখিছি স্রষ্টা একজন। তার সৃষ্টি আমরা সবাই। আল্লাহ এক, আমি সেই আল্লাহর সৃষ্টি; কাউকে অবহেলা করতে পারি না।’

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, ‘আমি এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি। আর আমি বাসাইল-সখীপুরের রাজনীতিও করি না। জন্ম আমার এখানে, বড় হয়েছি এখানে। এ অঞ্চলের মানুষের বিপদে-আপদে সব সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘যারা ক্ষমতা দেখায়, তারা প্রকৃত মানুষ না। প্রকৃত মানুষ হতে আল্লাহর প্রতি শ্রদ্ধা রাখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এই পৃথিবী সৃষ্টি হয়েছে শুধু ভালোবাসার কারণে। আপনারা একে অপরকে ভালোবাসবেন, সবাইকে সম্মান করবেন, অন্যের পাশে দাঁড়াবেন।

জন্মের পর মৃত্যু অবধারিত। যত ক্ষমতা, যত ধন-দৌলত একদিন এর কোনো মূল্য থাকে না। যারা শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে ও ভক্তি নিয়ে স্রষ্টার নাম নিতে পারেন তারাই শুধু সসম্মানে সারাজীবন কাটাতে পারেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন: উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান, জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ইবনে হাসান টিটু, বাসাইল পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক সমির নাগ প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ