৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

‘১০ দিনের মধ্যে ফুটপাতে ওয়েস্টবিন বসানো শেষ হবে’

আগামী ১০ দিনের মধ্যে ফুটপাতে ৫,৭০০ ওয়েস্টবিন বসানো শেষ হবে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, এর পরও কেউ যত্রতত্র ময়লা ফেলে শহর নোংরা করলে তাদেরকে জরিমানার আওতায় আনা হবে।

মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার বংশাল থানাধীন ফজলুল করিম কমিউনিটি সেন্টারে ঢাকা ফাউন্ডেশনের উদ্যোগে ‘পরিচ্ছন্নতা ঢাকা গড়তে নগরবাসীর সচেতনতাই শক্তি’ শীর্ষক এক আলোচনাসভায় মেয়র এ কথা বলেন।

ঢাকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মুনীর হোসেন মিন্টুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, মাদকদ্রব্য নিবারন সংস্থার (মানস) সভাপতি অধ্যাপক ডা. অরুপ রতন চৌধুরী, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

মেয়র বলেন, আগামী ৭-৮ মাসের মধ্যে ঢাকা দক্ষিণের প্রতিটি অলিগলি, পার্ক আলো ঝলমল করবে। দক্ষিণের কোথাও অন্ধকার থাকবে না। দক্ষিণের কোনো রাস্তা আর ভাঙাচোরা থাকবে না। এবার রাস্তার যে কাজ হচ্ছে তাতে আগামী দশ বছরের মধ্যে আর কোনো কাজ করতে হবে না বলেও মেয়র জানান।

সাঈদ খোকন বলেন, এ শহরকে নিজ নিজ বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের মতো ভালোবাসতে হবে। করপোরেশনের নির্ধারিত ডাষ্টবিন/কন্টেইনারে সন্ধ্যা ৭টার পর ময়লা-আবর্জনা ফেলতে হবে। তাহলেই এ নগরীকে পরিচ্ছন্ন বাসোপযোগী সুন্দর নগরীতে পরিণত করা সম্ভব হবে। তিনি একাজে নগরবাসীসহ সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আলোচনা শেষে মেয়র অতিথিদের নিয়ে এক প্রতিকী পরিচ্ছন্নতাকাজে অংশ নেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ